দিনাজপুরের হাকিমপুর উপজেলার জাংগই গ্রামে করোনার উপসর্গ নিয়ে সাহেব আলী (৬০) নামে একব্যক্তি বুধবার সকালে মারা গেছেন। তিনি ওই গ্রামের মৃত চতু শেখের ছেলে। সাহেব আলী আনসার সদস্য পদে চাকরি করতেন।
দিনাজপুর সিভিল সার্জন আব্দুল কুদ্দুস আলী জানান, সাহেব আলী ঢাকার নায়ারণগঞ্জে কর্মরত থাকা অবস্থায় সম্প্রতি জ্বর, সর্দি, শ্বাসকষ্ট নিয়ে নিজ বাড়ীতে আসেন। গত ৩ জুন অসুস্থতার খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে তার এবং তার ছেলের নমুনা সংগ্রহ করা হয়। বাড়ীতে আইসোলেশনে থাকা অবস্থায় আজ বুধবার সকালের দিকে তিনি মারা যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজমুছ সাঈদ জানান, মৃত সাহেব আলী ও তার ছেলে মিলনের (৩০) নমুনার রিপোর্ট ৮দিন পর আজ বুধবার সকাল ১১টার দিকে আমরা হাতে পেয়েছি। সেখানে সাহেব আলীর রিপোর্ট নেগেটিভ আসলেও তার করোনার উপসর্গ ছিল। কিন্তু তার ছেলের রিপোর্ট পজিটিভ এসেছে।
এদিকে উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম জানান, সিভিল সার্জন ও স্বাস্থ্য বিভাগের পরামর্শক্রমে স্বাস্থ্যবিধি মেনে মৃত ব্যক্তির জানাযা করা হবে। এরপর দুপুরে তাকে দাফন করা হবে।
ইত্তেফাক/এমআরএম
