স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশ দাবা ফেডারেশনের বর্তমান সভাপতির দায়িত্ব পালন করেছেন বেনজীর আহমেদ। র্যাবের মহাপরিচালক থেকে তিনি এখন পুলিশের মহাপরিদর্শক। একটা রেওয়াজ চালু হয়েছে পুলিশের মহাপরিদর্শকরাই বাংলাদেশ কাবাডি ফেডারেশনেরও সভাপতির দায়িত্ব পালন করেন। স্বাভাবিকভাবেই বেনজীর আহমেদও কাবাডি ফেডারেশনের সভাপতি হওয়ার কথা। আগামী ১৪ জুন দাবা ফেডারেশনের চার বছরের মেয়াদ পূর্ণ হবে। কিন্তু বেনজীর আহমেদ যদি দাবা ফেডারেশন ছেড়ে কাবাডিতে দায়িত্ব পালন করেন তাহলে দাবার ক্ষতি হবে এমন আশঙ্কা করছে আন্তর্জাতিক দাবা ফেডারেশন (ফিদে)। কারণ বেনজীর আহমেদ দাবায় যেভাবে দায়িত্ব পালন করে আসছিলেন তা দেখে আন্তর্জাতিক দাবা ফেডারেশনও সন্তুষ্ট।
শুধু বাংলাদেশ দাবাই নয়, একই সঙ্গে বেনজীর আহমেদ এশিয়ান চেস কাউন্সিলের নির্বাচিত সভাপতি। ক্ষতিটা সেখানেও হবে। আন্তর্জাতিক দাবা ফেডারেশন বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে সার্বিক বিষয়টি তুলে ধরে বেনজীর আহমেদকে পুনরায় বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতির দায়িত্ব দেওয়ার জন্য অনুরোধ করে চিঠি দেওয়া হয়েছে। রাশিয়ার মস্কো থেকে ফিদের সভাপতি আর্কাডি ভরকোভিচ স্বাক্ষরিত পত্রে দাবার উন্নয়নে বেনজীর আহমেদের কর্মকাণ্ডের প্রশংসা করা হয়। সেই সঙ্গে দাবার উন্নয়নে আগামীতে আরো সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
ফিদের সভাপতি আর্কাডি ভরকোভিচ ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে লেখা পত্রে লিখেছেন- সভাপতি নির্ধারণ করার বিষয়টি অবশ্যই বাংলাদেশের এখতিয়ার। তবে আমরা বলতে পারি বেনজীর আহমেদকে পুনরায় বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতির দায়িত্ব দেওয়া হলে দেশের দাবার যেমন উন্নতি হবে তেমনি দক্ষিণ এশিয়ার এই অঞ্চলের দাবারও উন্নতি ঘটবে।
