স্পোর্টস রিপোর্টার
এখনো ব্যাপারটা বিশ্বাস করতে পারছেন না ড্যারেন স্যামি। আইপিএলে যে সতীর্থদের সঙ্গে বন্ধুর মতো মিশতেন, তারাই কি না তাকে বর্ণবাদী এক নামে ডাকতেন। অনেক পরে শব্দটার অর্থ জানতে পেরে আগেই ক্ষোভ প্রকাশ করেছেন ড্যারেন স্যামি। গতকাল এক ভিডিও বার্তায় বলেছেন, যারা এটা করত, তারা যেন তার কাছে ক্ষমা চেয়ে নেয়।
স্যামি বলেছেন, সানরাইজার্স হায়দারাবাদে তাকে অনেক সময় ‘কালু’ নামে ডাকা হতো। তিনি ভাবতেন, এই ডাকটা প্রশংসাসূচক কিছু। কিন্তু এক অভিনেতা তাকে ভুল ধরিয়ে দেন। বলেন, এটা তার গায়ের রংকে ইঙ্গিত করে ডাকা। তাতেই ক্ষুব্ধ হন স্যামি। গতকাল ভিডিওতে বলেছেন, ‘যারা আমাকে ওই নামে ডাকত, তোমরা তো নিজেদেরকে জানোই। কারণ, হাসান মিনহাজ (ভারতীয়-মার্কিন অভিনেতা) যা বলেছে, কোনোভাবে অর্থ যদি তাই হয়, আমি খুব হতাশ হব। আমি তাদের বার্তা পাঠাব। তোমরা জানো তোমরা কারা। আমি স্বীকার করছি, যখন ঐ নামে আমাকে ডাকা হতো, আমি জানতাম না এর অর্থ কী।’ যখন তাকে এই নামে ডাকা হতো, তখন স্যামি শব্দটার মানে বুঝতেন না। তাই তিনি এটাকে মজা হিসেবেই নিয়েছিলেন। সেটা ব্যাখ্যা করে স্যামি বলেছেন, ‘দল অন্তঃপ্রাণ এক জন হিসেবে আমি ভেবেছিলাম, সতীর্থরা যখন এত খুশি, নিশ্চয়ই এটি মজার কিছু হবে। কিন্তু এটা মোটেও মজার কিছু ছিল না, বিষয়টা বুঝতে পারার পর আমি ভীষণ হতাশ ও ক্ষুব্ধ। এটা ছিল অপমানজনক। যারা আমাকে ঐ নামে ডাকত, তোমরা নিজেরা তা জানো। তোমাদের কয়েকজনের কাছে আমার ফোন নাম্বার আছে, তোমাদের ইনস্টাগ্রাম, টুইটারে আছি। আমার সঙ্গে যোগাযোগ কর, চল বিষয়টা নিয়ে কথা বলি।’
