কলিন্দ্রেসকে বিদায় করে দিয়েছে বসুন্ধরা কিংস

আপডেট : ১০ জুন ২০২০, ২০:৫৭

স্পোর্টস রিপোর্টার

বসুন্ধরা কিংসের অধিনায়ক কোস্টারিকার ফুটবলার দানিয়েল কলিন্দ্রেসকে বিদায় করে দেওয়া হয়েছে। বসুন্ধরা কিংস তার সঙ্গে চুক্তি নবায়ন করেনি। কলিন্দ্রেস দেশে ফেরার যে কোনো ফ্লাইট ধরতে পারলেই দেশে ফিরে যাবেন। গতকালই বসুন্ধরার সঙ্গে কলিন্দ্রেসের চূড়ান্ত আলোচনা শেষ হয়েছে। বসুন্ধরার একটি সূত্রের দাবি, গতকাল দুপুরেই কলিন্দ্রেসের সঙ্গে চুক্তি নবায়ন না হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। বসুন্ধরার মিডিয়া ম্যানেজার শায়েক আহমেদ বলেছেন, ‘কলিন্দ্রেসের সঙ্গে চুক্তি নবায়ন করছি না। তাকে বিদায় করে দেওয়া হয়েছে।’

 কলিন্দ্রেসের সঙ্গে চুক্তি না হওয়ায় বসুন্ধরার বিদেশি কোটায় চার ফুটবলার থাকলেন। আর্জেন্টিনার বারকোস, দেলমন্তে, বখতিয়ার এবং নাজারভ রয়ে গেছেন। তার পরও আরো এক জন বিদেশি এই তালিকায় ঢুকতে পারেন। তবে এএফসি কাপে চার বিদেশি খেলতে পারবেন।

 ৩১ মে বসুন্ধরার সঙ্গে কলিন্দ্রেসের চুক্তি শেষ হয়। চুক্তি শেষ হওয়ার আগ থেকেই আলোচনা চলছিল তাকে রাখার। কিন্তু পারিশ্রমিক বেশি দাবি করায় মুখ ফিরিয়ে নেয় বসুন্ধরা। অথচ ২০১৮ রাশিয়া বিশ্বকাপ ফুটবলে খেলে আসা কোস্টারিকার এই ফরোয়ার্ড কলিন্দ্রেস বাংলাদেশে ফুটবল দর্শককে মুগ্ধ করেছেন। বসুন্ধরার লিগ চ্যাম্পিয়ন, ফেডারেশন কাপ জয়ে তার অনবদ্য ভূমিকার কথা সবার স্মরণে রয়েছে।