দ্বিতীয় কোটা পূরণের চেষ্টা করছে বাফুফে

আপডেট : ১০ জুন ২০২০, ২০:৫৮

২০২১ এএফসি কাপ

স্পোর্টস রিপোর্টার

এএফসি কাপ ফুটবলে বাংলাদেশ থেকে দুইটি করে দল অংশগ্রহণ করে। এ বছরও দুটি দল খেলেছিল। আবাহনী ও বসুন্ধরা কিংস। আবাহনী প্রথম ধাপেই বিদায় নিলেও বসুন্ধরা টিকে আছে এখনো। একটি ম্যাচ হওয়ার পর করোনা ভাইরাসের কারণে বসুন্ধরার খেলাগুলো এখনো শেষ হয়নি। তবে বসুন্ধরা ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হওয়ার কারণে তারা ২০২১ সালেও এএফসি কাপ ফুটবলে অংশগ্রহণ নিশ্চিত করে রেখেছে।

দ্বিতীয় দলটি প্রিমিয়ার ফুটবল হতেই নির্ধারন হওয়ার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের আক্রমণে প্রিমিয়ার লিগের খেলা ছয় রাউন্ডেই পরিত্যক্ত করা হয়। যে কারণে আগামী ২০২১ এএফসি কাপ ফুটবলে প্রথম কোটায় একমাত্র বসুন্ধরা কিংসের অংশগ্রহণই নিশ্চিত। বাংলাদেশ থেকে দ্বিতীয় কোটাটি থাকছে না। দ্বিতীয় কোটায় দল পাঠানোর চেষ্টা করছে বাফুফে। হবে কি না সেটাও নিশ্চিত না।

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন দ্বিতীয় কোটায় আরেকটি দল পাঠানোর ব্যাপারে তারা কথা বলে রেখেছেন। সোহাগ বললেন, ‘আমরা দুটি কোটা পাই। একটি কোটায় বসুন্ধরা খেলবে সেটা হয়েই আছে। আর দ্বিতীয় কোটায় আরেকটি ক্লাবেকে ঢোকানোর চেষ্টা করছি। কারণ আমাদের লিগ হয়নি। তাহলে কীভাবে আমরা দল পাঠাব। আমরা ফেডারেশন কাপ ফুটবল হতেই আরেকটি দলকে এএফসি কাপে পাঠানোর চেষ্টা করছি। সেটা নির্ভর করছে এএফসির সিদ্ধান্তের ওপর। কারণ আমরা চাইলেই হবে না। এএফসি দেবে কি না, সেটাও একটি ব্যাপার। এএফসিরও কিছু নিয়মকানুন রয়েছে।’ সোহাগ বললেন, ‘দ্বিতীয় কোটার ব্যাপারে এএফসি এখনো কিছু জানায়নি। কারণ অনেক দেশেই লিগ হয়নি। তারা কীভাবে কী সিদ্ধান্ত নিচ্ছে তার ওপর নির্ভর করছে আমাদের দ্বিতীয় কোটা।’ সোহাগের কথায় পরিষ্কার দ্বিতীয় কোটায় দল পাঠানোর সুযোগ পাওয়া গেলে ফেডারেশন কাপ টুর্নামেন্ট থেকেই দল নির্ধারণ করা হতে পারে।