সম্মান চান ব্রাভো

আপডেট : ১০ জুন ২০২০, ২০:৫৯

এই করোনার মহাদাপটের মধ্যেও বিশ্ব জুড়ে চলছে বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ। যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গকে অত্যাচার করে পুলিশ মেরে ফেলার পর থেকে এই প্রতিবাদ তীব্র হয়েছে। সেই প্রতিবাদে নানা জগতের তারকারা কণ্ঠ মেলাচ্ছেন। ওয়েস্ট ইন্ডিজের কয়েক জন ক্রিকেটার আগেই এ বিষয়ে কথা বলেছেন। এবার বর্ণবাদের বিপক্ষে সোচ্চার হলেন অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। জিম্বাবুয়ের সাবেক পেসার ও জনপ্রিয় ধারাভাষ্যকার পমি এমবাংওয়ার সঙ্গে ইনস্টাগ্রাম কথোপকথনে সতীর্থদের সঙ্গে কণ্ঠ মেলালেন ব্রাভো। তিনি বলেছেন, কালো মানুষকে যে অত্যাচার সহ্য করতে হয়েছে, তার প্রতিশোধ চান না। চান সম্মান, ‘বিশ্ব জুড়ে এখন যা চলছে, তা খুবই দুঃখজনক। কৃষ্ণাঙ্গ হিসেবে, ইতিহাস আমাদের জানা আছে, জানি যে কালো মানুষকে কত কিছুর ভেতর দিয়ে যেতে হয়েছে। তবে কখনোই আমরা প্রতিশোধ চাইনি। আমরা শুধু চেয়েছি সমতা ও সম্মান। ব্যস।’