স্পোর্টস রিপোর্টার
চলতি মাসের শেষ দিকেই শ্রীলঙ্কা সফর করার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। করোনা ভাইরাসের কারণে সেই সফর স্থগিত হয়ে গেছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) জন্য স্বস্তির খবর সিরিজটা পুরো বাতিল করে দেয়নি ভারত। আগামী আগস্টে শ্রীলঙ্কা সফরে দল পাঠাতে সম্মত হয়েছে বিসিসিআই (বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া)। সরকারের সবুজ সংকেত পাওয়ায় এসএলসিকে সফরের বিষয়টি নিশ্চিত করেছে বিসিসিআই।
শ্রীলঙ্কার দৈনিক দ্য আইল্যান্ড এমন খবর প্রকাশ করেছে। এখন দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়ে আবেদন করবে এসএলসি। সার্বিক ব্যবস্থাপনার অনুমতি দিবে ক্রীড়া মন্ত্রণালয়। তার পরই সিরিজের বাকি অংশ নিয়ে বিসিসিআইয়ের সঙ্গে আলাপ করবে লঙ্কান বোর্ড। শ্রীলঙ্কায় করোনার কারণে দেওয়া লকডাউন উঠে গেছে, তাই এসএলসির আশা দ্রুতই অনুমতি পাওয়া যাবে। দেশটিতে এখন স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রয়েছে। তিনটি করে ওয়ানডে ও টি-২০ খেলতে চলতি মাসেই শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল ভারতীয় দলের। করোনার ধাক্কায় যেটি পিছিয়ে গেছে।
তবে ভারতের বিপক্ষে হোম সিরিজে গ্যালারিতে দর্শকদের সীমিত আকারে প্রবেশের অনুমতি দিতে চায় এসএলসি। সামাজিক দূরত্ব বজায় রেখে মাঠে বসে খেলা দেখতে দেওয়া হবে দর্শকদের। এসএলসির এক মুখপাত্র এই সম্পর্কে বলেছেন, ‘আমরা চাইব মাঠের ৩০-৪০ ভাগ দর্শকে পূর্ণ হোক। দর্শকরা এক মিটার দূরত্ব বজায় রেখে খেলা দেখতে পারবেন। যদিও শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবে স্বাস্থ্য বিভাগ। আমরা তাদের নিদের্শনা অনুসরণ করব।’
