সৈয়দপুর রেল হাসপাতালকে করোনা চিকিত্সায় প্রস্তুত রাখার নির্দেশ

আপডেট : ১০ জুন ২০২০, ২১:১৯

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

সৈয়দপুর রেলওয়ে হাসপাতালকে করোনার নমুনা পরীক্ষা ও চিকিত্সার জন্য প্রস্তুত রাখতে নির্দেশ দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। জানা যায়, বর্তমানে হাসপাতালটিতে কমর্রত আছে ৭৬ জন। চলতি পরিস্থিতিতে হাসপাতালটিকে করোনা রোগীর নমুনা পরীক্ষা ও চিকিত্সায় ব্যবহারের দাবি ওঠে সাধারণ লোকজনসহ বিভিন্ন মহল থেকে। তাদের মতে, অলস পড়ে থাকা হাসপাতালটি ব্যবহার করার এখন উপযুক্ত সময়।  সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন বলেন, সম্প্রতি জেলা কমিটির একটি সভায় হাসপাতালটি ব্যবহারের জন্য জেলার দায়িত্বপ্রাপ্ত  সচিব মহোদয়কে বিষয়টি জানিয়েছি। এখন রেলপথ মন্ত্রণালয় হাসপাতালটিকে করোনা রোগীর নমুনা পরীক্ষা ও চিকিত্সার জন্য প্রস্তুত রাখতে নির্দেশ দিয়েছেন। সৈয়দপুর রেলওয়ে হাসপাতালের বিভাগীয় চিকিত্সা কর্মকর্তা (ডিএমও) ডা. আনিসুল ইসলাম বলেন, হাসপাতালে রোগীর সংখ্যা কম। কিন্তু হাসপাতালের যাবতীয় অবকাঠামোসহ চিকিত্সা সরঞ্জাম প্রস্তুত রয়েছে। তবে চিকিত্সক-নার্স ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দিয়ে এবং আইসোলেশন ওয়ার্ড তৈরি করলে হাসপাতালটিতে করোনা রোগীর নমুনা পরীক্ষা ও চিকিত্সা দেওয়া সম্ভব হবে। বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম) মিহির কান্তি গুহ বলেন, বর্তমান পরিস্থিতিতে কমলাপুর ও চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালকে ব্যবহার করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এবং স্থানীয়দের দাবির প্রেক্ষিতে রেল মন্ত্রণালয় সৈয়দপুর রেলওয়ে হাসপাতালটিকে ব্যবহারের জন্য প্রস্তুত রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের চাহিদা মোতাবেক তা ব্যবহার করা হবে।