উত্সবে মেতে উঠেছে শৌখিন মত্স্যজীবীরা

আপডেট : ১০ জুন ২০২০, ২১:২৩

যমুনায় পানি বৃদ্ধি

কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা

বর্ষাকাল আসতে এখনো বেশ কিছুদিন বাকী। কিন্তু ইতোমধ্যেই যমুনা নদীতে পানি বৃদ্ধি পেতে শুরু হয়েছে। যমুনার শাখা নদীগুলিতেও আসতে শুরু করেছে নতুন পানির বান। আর এ সময় মাছ শিকারে ব্যস্ত হয়ে পড়া এই অঞ্চলের মানুষের পুরানো ঐতিহ্য। নদীতে নতুন পানি আসার সঙ্গে সঙ্গেই শুরু হয় তাদের মাছ শিকারের উত্সব। পেশাদার জেলেদের পাশাপাশি মৌসুমি বা শৌখিন মাছ শিকারিরাও মেতে উঠেছে মাছ শিকারে। সরজমিনে যমুনার শাখা নদী বংশাই, লৌহজং, পৌলী ও ঝিনাই নদীসহ বিভিন্ন নদীতে এমন চিত্রই চোখে পড়েছে।

সল্লার শৌখিন মত্স্য শিকারি মো. মোমেন মিয়া জানালেন, প্রতি বছর নদীতে নতুন পানি আসার সঙ্গে সঙ্গে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরেন তিনি। এতে তার আলাদা আনন্দ হয়। তার মতে, মাছ ধরতে এসে চরাঞ্চলের পেশাদার জেলেদের মধ্যে যেমন আনন্দ কাজ করে তার মতো শৌখিন মত্স্য শিকারিদেরও একই রকম আনন্দ লাগে।