জনগণের রায়কে অপমান করবেন না শপথ নিতে আসুন

আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ০০:৪৮

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে গণজোয়ারের প্রতিফলন ঘটেছে। গতকাল মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, ‘এ নির্বাচনের রায়ে ’৭০ ও ’৫৪ সালের মত গণজোয়ারের প্রতিফলন ঘটেছে।’

কবে নতুন মন্ত্রিসভা শপথ নিবে এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, দুয়েকদিনের মধ্যেই নির্বাচন কমিশন (ইসি) থেকে গেজেট প্রকাশ করা হবে। এরপর সংসদ সদস্যরা (এমপি) শপথ নেবেন। নিয়মানুযায়ী রাষ্ট্রপতি সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন। আমাদের সভানেত্রী শেখ হাসিনা সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন। আলাপ-আলোচনা করে নতুন মন্ত্রিসভার শপথের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবসের আগেই আশা করছি নতুন মন্ত্রিসভা গঠন হবে।

নির্বাচনে জয়ী বিএনপি ও তার জোটসঙ্গী দলের নেতাদের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমি এখনও মনে করি, তারা জনগণের রায়কে অপমান করবে না। তারা গতবার নির্বাচন বর্জন করে ভুল করেছেন, এবারও জনগণ যে রায় তাদের দিয়েছে, এতে সন্তুষ্ট-অসন্তুষ্ট এটা তাদের ব্যাপার। তারা যদি শপথ না নেয় তাহলে সংবিধানের নিয়ম অনুযায়ী, নতুন নির্বাচন হবে। নির্বাচন কমিশন নিয়ম অনুযায়ী যেটা করার করবে।’

জাতীয় ঐক্যফ্রন্টের পুনরায় নির্বাচনের দাবি প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এটা কি মামা বাড়ির আবদার? এটা কখনও পূরণ হবে না।’ তিনি বলেন, আমি অবাক হয়েছি যে, বিএনপির মতো একটি বড় দলের সাংগঠনিক কোনো কাঠামো নেই।

জাতীয় পার্টির (জাপা) সঙ্গে ঐকমত্যের সরকার হবে, না তারা বিরোধীদল হিসেবে থাকবে-তা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সরকার গঠনের সময় বিষয়টি দেখবেন। জাপার সঙ্গে আলাপ-আলোচনা করে এ বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন।

নেতা-কর্মীদের প্রতি দলের কী আহবান থাকবে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ধৈর্য ধরে বিজয়কে ধরে রাখতে হবে। কেউ যাতে কোনো ধরনের বাড়াবাড়ি না করে ও প্রতিপক্ষের ওপর প্রতিহিংসামূলক কোনো কিছু না করে সে নির্দেশ দেওয়া হয়েছে।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কর্মসূচি ঘোষণা

এসময় ওবায়দুল কাদের ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কর্মসূচি ঘোষণা করে বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে এ দিন সকাল সাতটায় রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। একই দিন বিকাল তিনটায় ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।