সংবাদ সংক্ষেপ

আপডেট : ১০ জুন ২০২০, ২১:২৬

জনসাধারণের মধ্যে মাস্ক ও লিফলেট বিতরণ

সোনাতলা (বগুড়া) সংবাদদাতা সোনাতলা পৌর ও থানা স্টাফসহ উপজেলার বিভিন্ন স্থানে জনসাধারণের মধ্যে বুধবার করোনা প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুর আলম ও জাসদের জাতীয় যুবজোট কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. হাসান আকবর আফজল হারুন এগুলো বিতরণ করেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা শাহিদুল বারী খান রব্বানী, জাসদ নেতা জুলফিকার হায়দার দারা, ইয়াছিন আলী মণ্ডল প্রমুখ।

লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ফেসশিল্ড প্রদান

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা লোহাগড়ায় করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য কমপ্লেক্সে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) পক্ষ থেকে ২৫টি ফেসশিল্ড প্রদান করা হয়েছে। বুধবার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরীফ সাহাবুর রহমানের কাছে ফেসশিল্ড প্রদান করেন ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য নাজিমউদ্দীন, মনিউর রহমান জিকু, জেলা সদস্য জহুরুল হক প্রমুখ।

করোনা প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা রাজৈরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার করোনা প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আচমত আলী খান অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহানা নাসরিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন করোনা প্রতিরোধ কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ মোতালেব মিয়া, সিনিয়র এএসপি সার্কেল আবির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ চন্দ্র মণ্ডল প্রমুখ।

টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্যসামগ্রী ও অর্থ বিতরণ

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা খুলনার পাইকগাছা মাহমুদ খাঁটি অর্নিবাণ লাইব্রেরির উদ্যোগে নাসিরনগরে টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত ১১০টি পরিবার ও পাঁচজন প্রতিবন্ধীর মধ্যে নগদ টাকা ও খাদ্যসামগ্রী   বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্বরে এগুলো বিতরণ করা হয়। এ সময় অর্নিবাণ লাইব্রেরির আজীবন দাতা সদস্য ও জাস ক্যাকো ক্যামিকেল কোম্পানির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, নাসিরনগর সদর ইউপি চেয়ারম্যান আবুল হাসেম, জাস কোম্পানির পরিচালক পারভেজ চৌধুরী, সাংবাদিক আকতার হোসেন ভুঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে সাইকেল বিতরণ

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা বড়াইগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে মাধ্যমিক পর্যায়ের ৩০ জন ছাত্র-ছাত্রীর মধ্যে বুধবার বাই-সাইকেল বিতরণ করা হয়েছে।

উপজেলা পরিষদ চত্বরে জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এসব সাইকেল বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র অধ্যাপক কে এম জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী প্রমুখ উপস্থিত ছিলেন।

বোরো ধান সংগ্রহে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন

শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা শাহজাদপুরে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের লক্ষ্যে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা খাদ্যশষ্য সংগ্রহ মনিটরিং কমিটির আয়োজনে লটারির মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে প্রান্তিক ১ হাজার ৪১৫ জন কৃষক নির্বাচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. শামসুজ্জোহা, সিরাজগঞ্জের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান প্রমুখ।

শার্শায় সূর্যমুখী প্রদর্শনীর মাঠ দিবস

বেনাপোল (যশোর) সংবাদদাতা শার্শায় বুধবার বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত সূর্যমুখী প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. আখতারুজ্জামান। শার্শার সূবর্ণখালী গ্রামে উপজেলা কৃষি কর্মকর্তা সৌতম কুমার শীলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা খামারবাড়ির বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের অতিরিক্ত উপপরিচালক সেলিম হোসেন।

কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ

কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা কামারখন্দে বুধবার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে পারিবারিক কৃষির আওতায় সবজি বাগান স্থাপনের লক্ষ্যে উপজেলার চারটি ইউনিয়নের ১২৮ জন কৃষকের মধ্যে বিভিন্ন শাকসবজির বীজ ও সার বিতরণ করা হয়। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম শহীদুল্লাহ সবুজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

ডিমলায় রাস্তা সংস্কার কাজের উদ্বোধন

ডিমলা (নীলফামারী) সংবাদদাতা ডিমলায় বুধবার কেন্দ্রীয় কবরস্থান রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।এর উদ্বোধন করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। এ সময় উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

 

০