বাংলাদেশের বেসরকারি খাতের ব্যবসায় উদ্যোগের জন্য ইসলামী উন্নয়ন ব্যাংকের বাণিজ্য অর্থায়ন সংস্থা আইটিএফসির অংশীদার হলো সিটি ব্যাংক। জেদ্দা ভিত্তিক আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন বা আইটিএফসি মুসলিম প্রধান দেশগুলোর সংগঠন— ওআইসিভুক্ত দেশগুলোর মাঝে বাণিজ্য এবং অর্থনীতি উন্নয়নে কাজ করে। বেসরকারি খাতের উদ্যোক্তারা আন্তর্জাতিক বাজার থেকে কাঁচামাল আমদানির বিপরীতে সিটি ব্যাংকের শরীয়াহভিত্তিক সেবার আওতায় ঋণ নিতে পারবেন। বাংলাদেশের বেসরকারি খাতের উন্নয়নে স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান হিসেবে আইটিএফসির অন্যতম অংশীদার হলো সিটি ব্যাংক। বেসরকারি খাতে ব্যবসায় উন্নয়নে আন্তর্জাতিক সম্পৃক্ততা প্রসঙ্গে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ বলেন, আইটিএফসির মুরাবাহা অর্থায়ন সুবিধা স্থানীয় গ্রাহকদের আরো ভালোমানের সেবা প্রদানে সক্ষমতা বাড়াবে। আইটিএফসির প্রধান নির্বাহী হানি সালেম সনবল বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে অবদান রাখছে প্রসারমান বেসরকারিখাত এবং সিটি ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের ক্ষুদ্র ব্যবসায় আর্থিক সক্ষমতা বাড়ানোই আইটিএফসির কৌশলের অন্যতম লক্ষ্য।—প্রেস বিজ্ঞপ্তি
