ইত্তেফাক রিপোর্ট
স্পেকট্রা সোলার পার্ক লিমিটেডের (এসএসপিএল) ৩৫ মেগাওয়াট সৌর বিদ্যুত্ প্রকল্পে ১ কোটি ৭৭ লাখ ডলার বা ১৫০ কোটি ৪৫ লাখ টাকা অর্থায়ন করবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বেসরকারি খাতের এই প্রকল্পে অর্থায়নের মাধ্যমে দেশের দীর্ঘ মেয়াদি জ্বালানি নিরাপত্তা এবং পরিবেশবান্ধব বিদ্যুত্ উত্পাদনের লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করবে বলে উল্লেখ করেছে এডিবি।
গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য উল্লেখ করেছে সংস্থাটি। এডিবির দক্ষিণ, মধ্য ও পশ্চিম এশিয়ার বেসরকারি অবকাঠামো অর্থায়ন বিভাগের পরিচালক শান্তনু চক্রবর্তী এবং স্পেকট্রা সোলার পার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আফতাবউদ্দিন চুক্তিতে সই করেন। এ বিষয়ে শান্তনু চক্রবর্তী উল্লেখ করেন, এই প্রকল্পটি প্রমাণ করে বাংলাদেশে সৌর বিদ্যুত্ প্রকল্প বেসরকারি বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় গন্তব্য হতে পারে। শুধু বিনিয়োগ নয়, নারীর কর্মসংস্থান এবং অর্থবহ পরিকল্পনার কারণে এই প্রকল্পটি মাইলফলক হয়ে থাকবে। এডিবি জানিয়েছে, প্রকল্পটিতে গ্রিন ডেল্টা ক্যাপিট্যাল লিড অ্যারেঞ্জারের ভূমিকা পালন করেছে। জার্মান এ প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে এডিবি এই প্রকল্পে অর্থায়ন করছে।
