কাহালু (বগুড়া) সংবাদদাতা
সামান্য বৃষ্টিতেই বগুড়ার কাহালু পৌর এলাকার স্টেশন রোডে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে ব্যাহত হচ্ছে যানচলাচল। জনগুরুত্বপূর্ণ এ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার করা হচ্ছে না বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। কাহালু চার মাথা রেলগেট থেকে পশ্চিমে কলেজ রোডের পাশে সিএনজি স্ট্যান্ড পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগের (সওজ) আওতাধীন সড়কটির বেশির ভাগ স্থানের কার্পেটিং উঠে গিয়ে বড়ো বড়ো গর্তের সৃষ্টি হবার কারণে বর্তমানে উপজেলা ও পৌরবাসীর চলাচলে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানায়, এ সড়ক দিয়ে বর্তমানে হালকা এবং ভারি যানবাহন চলাচল করতেও নানা দুর্ভোগের সম্মুখীন হচ্ছে। তাছাড়া সড়কের দক্ষিণ পাশের পানি নিষ্কাশনের ড্রেনটি ময়লা ও আবর্জনাতে ভর্তি থাকার কারণে সহজে পানি নিষ্কাশন হয় না। ফলে একটু বৃষ্টিতেই দীর্ঘক্ষণ ধরে পানি জমে থাকায় এ সড়ক দিয়ে যানবাহনসহ সাধারণ মানুষ চলাচলে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে।
বগুড়ার সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের কাহালু এলাকার দায়িত্বে থাকা এস ডি রাসিউলের সঙ্গে মোবাইল ফোনে কথা বলা হলে তিনি বলেন, রাস্তাটি সংস্কারের তালিকায় রাখা হয়েছে। তবে সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে দু/এক দিনের মধ্যে রাস্তায় সাময়িকভাবে হালকা কিছু মেরামতের কাজ করে দেওয়া হবে। এ ব্যাপারে কাহালু পৌর মেয়র হেলালউদ্দিন কবিরাজ বলেন, ড্রেনের মধ্যে ময়লা-আবর্জনা ফেলে ড্রেন ভরাট করে ফেলেছে স্থানীয় ব্যবসায়ীরা। গত রবিবার থেকে ড্রেন পরিষ্কার করা হবে এবং ড্রেনের পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়া হবে।
