ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা
পাবনার ভাঙ্গুড়া উপজেলার নিম্ন এলাকায় বন্যার পানি ঢুকে অনেক বোরো খেত প্লাবিত হয়েছে। ফলে জমির পাকা ধান নিয়ে কৃষকরা বিপাকে পড়েছেন।
উপজেলার বেতুয়ান গ্রামের কৃষক জয়নাল সরকার এবং বিএলবাড়ি গ্রামের মোকলেছুর রহমান জানান, পার্শ্ববর্তী ফরিদপুর থানার দেওভোগ দিয়ে গুমানি নদীর পানি প্রবেশ করায় এক দিনের মধ্যে এখানকার বোরো খেতে হাঁটু পানি জমে গেছে। ভবানিপুর গ্রামের নুরুল ইসলাম বরাত ও শাহজাহান আলী জানান, তাদের চার বিঘা জমির ধান পানিতে তলিয়ে যাওয়ায় কাটতে পর্যন্ত পারেননি। এখানে প্রতি বিঘা জমির ধান কাটতে ৪ হাজার টাকা দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না।
খানমরিচ এলাকার কৃষক মো. শাহাদত আলী ও শরীফ খান জানান, নিমাইচড়া দিয়ে বন্যার পানি এসে ইতিমধ্যে পাকার বিল ডুবে গেছে। কৃষকরা শুধু ধানের ছড়াটুকু কেটে নিতে প্রাণপণে চেষ্টা করছেন।
উপজেলা কৃষি অফিসার এনামুল হক বলেন, সবচেয়ে ঝুঁকিপূর্ণ পুঁইবিল বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করতে সক্ষম হলেও ফরিদপুর ও চাটমোহর উপজেলার বিভিন্ন স্থান দিয়ে এলাকার ফসলি জমিতে বন্যার পানি ঢুকছে, আমরা প্রতিরোধ করতে পারছি না। তবে কৃষকদের বন্যাপীড়িত এলাকার ধান ৬০ ভাগ পাকলেই কেটে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
