হতদরিদ্রের ২৫০০ টাকার তালিকায় সঠিক তথ্য দেওয়ায় শিক্ষকের ওপর হামলা

আপডেট : ১০ জুন ২০২০, ২১:৩৭

আটঘরিয়া (পাবনা) সংবাদদাতা

পাবনার আটঘরিয়ায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কে এম রইচ উদ্দিন রবির ওপর অতর্কিত হামলা করেছে সন্ত্রাসীরা। সরকারের জনপ্রতিনিধিদের মাধ্যমে হতদরিদ্রের জন্য ২ হাজার ৫০০ টাকার সাহায্যের তালিকা যাচাই করার অপরাধে তার ওপর এ হামলার ঘটনা ঘটেছে বলে দাবি ঐ শিক্ষকের। মঙ্গলবার রাতে রামেশ্বরপুর পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। তিনি বর্তমানে গুরুত্বর আহত অবস্থায় আটঘরিয়া স্বাস্থ্য কমল্পেক্স হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।

সরাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আহত রইচ উদ্দিন রবির বলেন, মাজপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সরকারের জনপ্রতিনিধিদের মাধ্যমে হতদরিদ্রের জন্য ২৫ শত টাকার সাহায্যের তালিকা যাচাই করার দায়িত্ব পরে আমার ওপর। আমি যাচাইবাছাই শেষে দেখি বেশির ভাগ আইডি কার্ড ও মোবাইল নম্বর ভুয়া এবং রাঘবপুর গ্রামের মতো আব্দুস সাত্তার বিশ্বাসের ছেলে শামসুল ইসলাম বিশ্বাস পাঁচ বছর আগে মারা গেছেন তারও নাম তালিকায় রয়েছে। সব বিষয় তুলে ধরে আমি সঠিক রিপোর্ট পেশ করি। রিপোর্টটি তাদের বিরুদ্ধে গেলে তারা আমার ওপর ক্ষুব্ধ হয়। গত কয়েক দিন ধরে আমাকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিল। পরে সুপরিকল্পিতভাবে তারা আমাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালায়।

আটঘারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মো. সিদ্দিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ধরনের খবর পাওয়া পর আমাদের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি হাসপাতালে চিকিত্সায় থাকায় লিখিতভাবে অভিযোগটি এখনো দিতে পারেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।