সম্প্রতি ‘আরবান ইনোভেশন চ্যালেঞ্জ’ শীর্ষক এক জাতীয় প্রতিযোগিতায় বিশেষ সম্মাননা পেয়েছেন রাহ্ফাতুন নিসা নোভা ও তার দল। স্বল্প আয়ের মানুষের জন্য বৃষ্টির পানি বিশুদ্ধ করার প্রযুক্তি উদ্ভাবন করে তারা এ সম্মাননা পান। নোভা জানান, নগরায়ণের ফলে সৃষ্টি হয়েছে নানা সমস্যার। এরই বাণিজ্যিক সমাধানের উদ্দেশ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
নোভা বলেন, গ্রামের মানুষ জীবিকার জন্য শহরে আসছে। তাদের থাকার জন্য বস্তি গড়ে উঠেছে। এখানে সমস্যাও তৈরি হচ্ছে। তারা বিশুদ্ধ পানি পায় না। আবার অব্যবস্থাপনার ফলে শহরগুলোতে বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। আমাদের দেশে ছয় মাসে যে বৃষ্টি হয়, সে পানি সংরক্ষণ ও বিশুদ্ধ করে একেবারে স্বল্পমূল্যে তা বস্তিবাসীর কাছে পৌঁছে দেয়ার পরিকল্পনা করছেন। তিনি আরো জানান, ৫০০ মি.লি. পানি বাজারে ১৫ টাকায় বিক্রি হয়। তাদের প্রক্রিয়াজাত পানির মূল্য হবে এক টাকা। আশাকরি তিন টাকায় বস্তিবাসী এক লিটার বিশুদ্ধপানি কিনতে পারবে।
স্থপতি নোভা বলেন, শহরে ভূগর্ভস্থ পানি ব্যবহার করা হয়। বছরের পর বছর এ পানি ব্যবহার করার ফলে পানির স্তর অনেক নিচে নেমে গেছে। যা পরিবেশ বিপর্যয় ঘটায়।
তিনি জানান, এ সম্মাননা প্রাপ্তির সঙ্গে তাদের ছয় মাসের একটি প্রশিক্ষণ এবং পুরো পরিকল্পনা বাস্তবায়নের ব্যবস্থা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্রহণ করে। পরিকল্পনা বাস্তবায়ন চার জনের দলের নেতৃত্ব দেবেন নোভা। শুধু দেশেই নয় এ পরিকল্পনা বিদেশেও প্রশংসিত হয়। গত জুনে নোভা ও তার দল ‘কনফ্রন্টিং ইনফরমালিটি-২০১৮’ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন। নেদারল্যান্ডসের এ প্রতিযোগিতায় ৮০টি দেশের তরুণরা তাদের পরিকল্পনা জমা দেয়।
২০১৩ সালে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি লাভ করেন নোভা। একটি উন্নয়ন সংস্থায় সাভারভিত্তিক বসতি উন্নয়ন পরিকল্পনার স্থপতি ও কেপাসিটি বিল্ডার্স হিসেবে কাজ করছেন। নোভা বলেন, একজন নারী হয়ে এমন সব কাজ করতে তার ভালো লাগে। ভবিষ্যত্ পরিকল্পনা সম্পর্কে নোভা বলেন, আমাদের শহরগুলোতে অনেক ছোট ছোট সমস্যা দীর্ঘদিন ধরে বড় বড় অসুবিধার সৃষ্টি করছে। আপাতত এ সমস্যাগুলো খুঁজে বের করে সামাধন করার ইচ্ছা আছে তার।
