নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় বোরনো রাজ্যের একটি গ্রামে বন্দুকধারীদের হামলায় অন্তত ৬৯ জন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকালে হামলার পর বন্দুকধারীরা গ্রামটিকে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ পাওয়ার কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বোরনো রাজ্যের স্থানীয় সরকারশাসিত গুবিও এলাকার ফাদুমা কোলোরাম গ্রামে হামলার ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় দুপুরের দিকে অনেকগুলো গাড়ি ও মোটরসাইকেলে করে বন্দুকধারীরা এসে হামলা শুরু করে। তারা একে-৪৭ রাইফেলের গুলিতে ৬৯ জনকে হত্যার পর গ্রামটি ধ্বংস করে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। ফিরে যাওয়ার সময় ১ হাজার ২০০ গবাদিপশু ও উট লুট করে নিয়ে যায়।
রয়টার্স জানিয়েছে, স্থানীয় এক জন বাসিন্দা, নাইজেরিয়ার সিভিলিয়ান জয়েন্ট টাস্ক ফোর্সের (সিজেটিএফ) এক জন সদস্য ও দেশটির এক জন সৈন্য, প্রত্যেকেই এই বর্ণনা নিশ্চিত করেছেন। ফাদুমা কোলোরাম গ্রামের বাসিন্দারা বোকো হারামের গতিবিধি সংক্রান্ত তথ্য নিরাপত্তা কর্তৃপক্ষগুলোর সঙ্গে শেয়ার করছে, এমন সন্দেহ থেকেই বন্দুকধারীরা গ্রামটিতে হামলা চালিয়েছে বলে মনে করছেন তারা।
সিজেটিএফের যোদ্ধা কাচালহ বুমু বলেন, ‘দুর্ভাগ্যজনক একটি দিনে এমনটি দেখতে হলো আমাদের। আমরা কিছু জানার আগেই তারা আমাদের লোকদের মেরে চলে গেল।’ এর আগে এ ধরনের হামলা প্রতিহত করা হয়েছে জানিয়ে ‘পাহারা শিথিলের সুযোগ নিয়ে’ এবারের হামলাটি চালানো হয়েছে বলে দাবি করেন তিনি। এ বিষয়ে মন্তব্যের জন্য নাইজেরিয়ার সামরিক বাহিনীর এক মুখপাত্রের সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স। জঙ্গি গোষ্ঠী বোকো হারাম ও তাদের শাখা ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডব্লিউএপি) নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে হাজার হাজার লোককে হত্যা করেছে ও লাখ লাখ লোককে বাস্তুচ্যুত করেছে বলে অভিযোগ আছে।
