পঞ্চবটী-মোক্তারপুর সড়ক বেহাল

আপডেট : ১০ জুন ২০২০, ২১:৫৮

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

ফতুল্লার পঞ্চবটি থেকে মুন্সীগঞ্জের মোক্তারপুর পর্যন্ত সড়কটি দীর্ঘদিন সংস্কার না করায় ছোটো-বড়ো শতাধিক গর্তের সৃষ্টি হয়েছে। প্রতিদিনই সেতু বিভাগের ঐ সড়কের গর্তে পড়ে ট্রাক ও কাভার্ড ভ্যান উলটে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজটের।

গতকাল সকালে একটি ট্রাক উলটে ঐ সড়কে সৃষ্টি হয় প্রায় চার কিলোমিটার যানজট। শুধু যানবাহনই নয়, শিল্পনগরীর ওপর দিয়ে যাওয়া সড়কটিতে পথচারী ও শ্রমিকরা চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হন। গত ডিসেম্বরে সেতু বিভাগ সড়কটিতে ছয় কিলোমিটার ফ্লাইওভার নির্মাণ করবে বলে আশ্বাস দিয়েছিল।

সরেজমিন দেখা যায়, ফতুল্লার পঞ্চবটি থেকে মোক্তারপুর পর্যন্ত সড়কটি প্রায় আট বছর ধরে সংস্কার হচ্ছে না। এতে সৃষ্টি হয়েছে ছোটো-বড়ো অনেক গর্ত।

এছাড়া গত কয়েক দিন ধরে থেমে থেমে ভারী বর্ষণের কারণে ঐ সব গর্তে কাদা-পানি জমে ক্ষুদ্র জলাশয়ের রূপ নিয়েছে! প্রায়ই যানবাহন ঐ গর্তে পড়ে বিকল হচ্ছে। সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। আক্ষেপ প্রকাশ করে বিসিক শিল্প অঞ্চলে অবস্থিত ক্রোনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ আসলাম সানী জানান, বিসিক ও আশপাশের পাঁচ শতাধিক শিল্পকারখানার প্রায় ৪ লাখ শ্রমিক সড়কটি দিয়ে চলাচল করে। দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল। প্রতিদিনই এখানে কোনো না কোনো যান বা শ্রমিক দুর্ঘটনার শিকার হচ্ছে।

এ সড়কের ব্যাপারে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেন, ‘রাস্তাটি সড়ক ও জনপদের নয়। সেতু বিভাগের আওতায় পড়েছে। এখানে ভবিষ্যতে ছয় কিলোমিটার মুন্সীগঞ্জের মোক্তারপুর পর্যন্ত ফ্লাইওভার নির্মাণকাজ শুরু হবে। কিন্তু বর্তমানে খুবই বেহাল দশা। বিষয়টি নিয়ে সেতু বিভাগের মন্ত্রী, চেয়ারম্যান ও সচিব মহোদয়ের সঙ্গে কথা বলে বিষয়টি নজরে এনেছি। তারা কথা দিয়েছেন জরুরি ভিত্তিতে রাস্তাটি সংস্কারে ব্যবস্থা নিবেন।’