আশুলিয়ায় স্কুলের জমিতে গরুর হাট বন্ধের নির্দেশ আদালতের

আপডেট : ১০ জুন ২০২০, ২২:০১

ইত্তেফাক রিপোর্ট

সাভার উপজেলার আশুলিয়া উচ্চ বিদ্যালয়ের জমিতে বসা গরুর হাটের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। আদালতের আদেশের প্রেক্ষিতে গতকাল বুধবার দুপুরে ঐ গরুর হাটের জমিতে আদালতের নিষেধাজ্ঞার সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এর আগে গত ৮ জুন ভার্চুয়াল আদালতে শুনানি শেষে সিনিয়র সহকারী জজ সাভার আদালত এ নিষেধাজ্ঞা প্রদান করেন।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, তাদের ঐ জমিতে হাট বসানোতে স্কুলের সম্পদের ক্ষতি হচ্ছিল। গরুর হাট চলাকালীন আমাদের স্কুল কার্যক্রমে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। একই সঙ্গে হাটের পাশে মাদকসেবীদের আনাগোনা বাড়ায় আদালতে বাজার বন্ধের আবেদন জানানো হয়। হাটের ইজারাদার পিন্টু মোল্লা বলেন, আদালতের নিষেধাজ্ঞার কোনো নোটিশ আমি পাইনি। আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল। আদালত এ ধরনের কোনো নির্দেশ দিলে আমি তা মেনে নিব।