ডিএনসিসির অভিযান
ইত্তেফাক রিপোর্ট
এডিস মশা নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিশেষ অভিযানে টানা পঞ্চম দিন পরিচালনা করে ১৩ হাজার ৬৪২টি স্থাপনা পরিদর্শন করে ১৫৩টিতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এতে মোট আড়াই লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। গতকাল বুধবার ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডে একযোগে এ অভিযান চালানো হয়। এ সময় পরিদর্শন করা বিভিন্ন স্থাপনার মধ্যে আবাসিক বাড়ি, বাণিজ্যিক ভবন এবং নির্মাণাধীন ভবন ছিল। মোট ১৩ হাজার ৬৪২টি স্থাপনা পরিদর্শন করে ১৫৩টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এছাড়া, ৯ হাজার ২৫৮টি স্থাপনার এডিস মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। এসব অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন স্থাপনার মালিকদের পৃথক ১৪টি মামলায় মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। সেই সঙ্গে অন্য বাড়ি ও স্থাপনার মালিকদের সতর্ক করা হয়।
গত ৬ জুন থেকে এ পর্যন্ত ৫৪টি ওয়ার্ডে মোট ৬৭ হাজার ৫৯২টি বাড়ি, স্থাপনা ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করে মোট ৮৫৪টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায় এবং ৪৬ হাজার ৮০১টি বাড়ি-স্থাপনায় এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। এছাড়া এ পাঁচ দিনে মোট ৪ লাখ ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। চিরুনি অভিযান চলাকালে যেসব বাড়ি-স্থাপনায় এডিস মশার লার্ভা কিংবা এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যাচ্ছে, তার ছবি, ঠিকানা, মোবাইল নম্বরসহ অন্য প্রয়োজনীয় তথ্য তাত্ক্ষণিকভাবে একটি অ্যাপে সংরক্ষণ করা হচ্ছে। ফলে অভিযান শেষে ডিএনসিসির কোন কোন এলাকায় এডিস মশা বংশবিস্তার করে তার একটি ডাটাবেজ তৈরি হবে। ডাটাবেজ অনুযায়ী পরেও তাদের মনিটর করা সহজ হবে জানায় ডিএনসিসি।
