পুলিশ নিয়ে কংগ্রেসে সাক্ষ্য দিয়েছেন ফ্লয়েডের ভাই

সবার প্রতি ন্যায়বিচার চেয়ে ফ্লয়েডকে বিদায়

আপডেট : ১০ জুন ২০২০, ২২:৪১

ইত্তেফাক ডেস্ক

যুক্তরাষ্ট্রে পুলিশের হেফাজতে মারা যাওয়া আফ্রিকান-আমেরিকান জর্জ ফ্লয়েডের অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিতরা বিশ্বের সব বর্ণের মানুষের জন্য সুবিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন। টেক্সাস রাজ্যের হিউস্টনের গির্জায় জর্জ ফ্লয়েডকে স্মরণ করেন বক্তারা। ফ্লয়েডের একমাত্র অপরাধ ছিল কৃষ্ণাঙ্গ হয়ে জন্ম নেওয়া। জর্জ ফ্লয়েডের হত্যার সঙ্গে জড়িত চার জন পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত এবং অভিযুক্ত করা হয়েছে। এদিকে ফ্লয়েডের ভাই পুলিশের জবাবদিহিতা নিয়ে কংগ্রেসে সাক্ষ্য দিয়েছেন। খবর বিবিসির

গির্জা থেকে গাড়িবহর ফ্লয়েডের মরদেহ হিউস্টন মেমোরিয়াল গার্ডেন্সে নিয়ে যাওয়া হয়। মায়ের পাশে সেখানেই তাকে সমাধিস্থ করা হয়। ফ্লয়েডের এক ভাগনি ব্রুক উইলিয়ামস আইনে পরিবর্তন আনার আহ্বান জানিয়ে বলেন, কৃষ্ণাঙ্গদের অসুবিধায় ফেলার জন্যই কিছু আইন তৈরি হয়েছে। আর কোনো বিদ্বেষমূলক অপরাধ যেন না ঘটে। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী জো বাইডেন শেষকৃত্য            অনুষ্ঠানে ভিডিওর মাধ্যমে পাঠানো শোকবার্তায় বলেন, জর্জ ফ্লয়েডের জন্য বিচার যখন পাওয়া যাবে, তখনই সত্যিকার অর্থে আমেরিকা সব বর্ণের মানুষের সমান বিচার নিশ্চিত করার পথে এগিয়ে যাবে। ফ্লয়েড সম্পর্কে জঘন্য মন্তব্য করার অভিযোগে এ সপ্তাহের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্পের তীব্র সমালোচনা করেন জো বাইডেন। তবে ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী বাইডেন কৃষ্ণাঙ্গদের শতভাগ সমর্থন পাবেন এমন ধারণা থেকে কিছুদিন আগে এক মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন। তিনি বলেছিলেন আফ্রিকান-আমেরিকানরা কৃষ্ণাঙ্গই নয়, যদি তারা ট্রাম্পকে ভোট দেয়।

কংগ্রেসে সাক্ষ্য দিলেন ফ্লয়েডের ভাই

বুধবার সকালে মার্কিন প্রতিনিধি পরিষদের জুডিশিয়ারি কমিটিতে দেওয়া সাক্ষ্যে ফ্লয়েডের ভাই ফিলোনিজ ফ্লয়েড কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি ক্লান্ত, আমি যন্ত্রণার কারণে ক্লান্ত। আপনারা এই যন্ত্রণা বন্ধ করুন। না হলে অন্য কেউ বিনা কারণেই এভাবে মারা যাবে। তিনি আইনপ্রণেতাদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, জর্জ ফ্লয়েডের মৃত্যু বৃথা যাবে না। এটা ২০২০ সাল। যথেষ্ট হয়েছে। রাস্তায় প্রতিবাদ জানিয়ে মানুষ আপনারদেরকে বলছে, যথেষ্ট হয়েছে। আপনারা দেশের নেতা হয়েছেন। বিশ্বের নেতা হন। সঠিক কাজটি করুন। মানুষ আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের কথা বলতে, ইতিবাচক পরিবর্তন আনতে। ‘জর্জ’ নামটি দিয়ে এখন কিছু একটা বোঝায়। আপনারাও ভালো কিছু করে আপনাদের নামের অর্থ তৈরি করুন। তিনি পুলিশ বাহিনীতে সংস্কার আনার দাবি জানান। সাক্ষ্য দেওয়ার সময় ফিলোনিজ ফ্লয়েডের মুখে কালো মাস্ক পরা ছিল। সেখানে লেখা ছিল, আই ক্যানট ব্রেথ (আমি নিঃশ্বাস নিতে পারছি না)।