পদ্মা সেতুতে বসল ৩১তম স্প্যান

আপডেট : ১০ জুন ২০২০, ২২:৪২

গতকাল বুুধবার বসানো হয়েছে পদ্মা সেতুর ৩১তম স্প্যান। শরীয়তপুরের জাজিরা প্রান্তে ২৫ ও ২৬ নম্বর পিলারের ওপর বসানো হয়েছে স্প্যানটি। এই স্প্যান বসানোর মধ্য দিয়ে জাজিরা ও মাওয়া প্রান্তে একসঙ্গে টানা ২৯টি স্প্যান বসল। এটিই পদ্মা সেতুর জাজিরা প্রান্তের শেষ স্প্যান। এই স্প্যান বসানোর মধ্য দিয়ে মাওয়ার সঙ্গে সংযুক্ত করেছে জাজিরাকে। এর ফলে দৃশ্যমান হয়েছে সেতুর ৪ হাজার ৬৫০ মিটার।

স্প্যান বসানোর সঙ্গে সংশ্লিষ্ট এক প্রকৌশলী বলেন, সেতুর আরো ১০টি স্প্যান বসানো বাকি। চলতি বছর এই সেতুর ১১টি স্প্যান বসানো হয়েছে। এর মধ্যে সারা দেশে সাধারণ ছুটির মধ্যেও ২৭ মার্চ থেকে গতকাল পর্যন্ত পাঁচটি স্প্যান বসানো হয়েছে। করোনা দুর্যোগের মধ্যেও সেতুর ৪২টি পিলারের সব কটিতেই স্প্যান বসানোর জন্য প্রস্তুত করা হয়েছে।

বিআইডব্লিউটিসির সহকারী ম্যানেজার মোহাম্মদ ফয়সাল জানান, এই স্প্যান বসানোর জন্য গতকাল সকাল ১০টা থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে সব         ধরনের নৌ চলাচল বন্ধ রাখা হয়। সন্ধ্যা ৭টা পর্যন্ত আট ঘণ্টা বন্ধ থাকার কথা বলা হলেও নৌচলাচল আগেই চালু করে দেওয়া হয়েছে।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের জানান, করোনার মধ্যেও পদ্মা সেতুর কাজ থেমে নেই। স্বাস্থ্যবিধি মেনে এগিয়ে চলছে পদ্মা সেতুর কাজ। ৩১তম স্প্যানটি ছিল একটি চ্যালেঞ্জিং কাজ। নদীর স্রোত আর চ্যানেলের মুখে এটি স্থাপন করতে বন্ধ রাখতে হয়েছে দেশের গুরুত্বপূর্ণ এই নৌরুট। ঝুঁকিপূর্ণ এই স্প্যান সফলভাবে বসাতে পারায় এখন আর তেমন কোনো জটিলতা থাকল না। মাওয়া প্রান্তের বাকি ১০টি স্প্যান বসাতে তেমন বেগ পেতে হবে না। এই বর্ষায়ই ১০টি স্প্যান বসানো সম্ভব হবে ইনশাআল্লাহ।