সংক্রমণে উহানকে ছাড়িয়েছে মুম্বাই

আপডেট : ১০ জুন ২০২০, ২২:৪৩

প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণে চীনের উহান শহরকে ছাড়িয়ে গেছে ভারতের ব্যয়বহুল শহর হিসেবে পরিচিত মুম্বাই। লকডাউন শিথিলের পর যুক্তরাষ্ট্রের ২২ রাজ্যে কোভিড-১৯ রোগী আবার বেড়ে গেছে। আর করোনা নিয়ে যুক্তরাজ্যে দাঙ্গার আশঙ্কা করা হচ্ছে।

উহানের চেয়ে বেশি রোগী মুম্বাইয়ে

চীনের মোট করোনা আক্রান্তের সংখ্যাকে আগেই ছাপিয়ে গিয়েছিল ভারতে মহারাষ্ট্রের সংক্রমণের সংখ্যা। এবার চীনের উহানের চেয়ে বেশি রোগী পাওয়া গেল মুম্বাইয়ে। চীন সরকারের তথ্য অনুসারে, উহানে আক্রান্ত ৫০ হাজার ৩৩৩ জন। মুম্বাইয়ে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫১ হাজার। ভারতে ২৪ ঘণ্টায় নতুন করে কোভিডে আক্রান্ত ৯ হাজার ৯৮৫ জন।           দেশে মোট আক্রান্ত ২ লাখ ৭৬ হাজার ৫৮৩ জন। এক দিনে ২৭৯ জন মারা যাওয়ায় মোট মৃত্যু হয়েছে ৭ হাজার ৭৪৫ জনের।

‘মহামারি চলবে’

যুক্তরাষ্ট্রের করোনা ভাইরাস বিশেষজ্ঞ ও হোয়াইট হাউজের উপদেষ্টা ড. অ্যান্থনি ফউচি বলেছেন, মহামারি শেষ হয়নি। এটা চলবে। চার মাসে এটা পৃথিবীকে ছাপিয়ে গেছে। খুব ছোটো একটা সময়ের মধ্যে লাখ লাখ মানুষ আক্রান্ত হয়েছে। খুব দ্রুত একটা ভ্যাকসিন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এদিকে লকডাউন শিথিল করার পর যুক্তরাষ্ট্রের ২২টি রাজ্যে কোভিড-১৯ রোগী বেড়ে গেছে। তবে সিএনএন জানিয়েছে, অ্যারিজোনাসহ ১৯টি রাজ্যে সংক্রমণ বেড়েছে। সাতটি রাজ্যে ধীরগতিতে কমছে। আর ২৪টি রাজ্যে ক্রমেই পরিস্থিতি উন্নতি হচ্ছে।

যুক্তরাজ্যে দাঙ্গার আশঙ্কা

ব্রিটেনের এক জন বৈজ্ঞানিক উপদেষ্টা অধ্যাপক ক্লিফোর্ড স্লট সতর্ক করে দিয়েছেন যে করোনা ভাইরাসের প্রতিক্রিয়ায় এ বছরের গ্রীষ্মে যুক্তরাজ্যের বিভিন্ন জায়গায় দাঙ্গা দেখা দিতে পারে। অধ্যাপক স্লট বলেন, ব্যাপক চাকরি ছাঁটাই, ক্রমবর্ধমান বেকারত্ব এবং সামাজিক-অর্থনৈতিক অসাম্য আগামী দিনগুলোতে সংঘাত সৃষ্টি করতে পারে। এদিকে ফ্রান্সের আইফেল টাওয়ার ২৫ জুন এবং ভার্সাই প্রাসাদ ৬ জুন খুলে দেওয়া হচ্ছে। পাকিস্তানে লকডাউন তুলে নেওয়ার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা আবার লকডাউন জারির আহ্বান জানিয়েছে। তবে দেশটি সেটি করতে অস্বীকার করেছে। অন্যদিকে আদালতের নির্দেশের পর ব্রাজিল আবার করোনা ভাইরাস নিয়ে তথ্য দিতে শুরু করেছে। -বিবিসি ও এনডিটিভি