বিশেষ প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কারণে আপাতত সড়ক পরিবহন আইন-২০১৮ সংস্কারসহ ৮ দফা দাবিতে নতুন করে আন্দোলনে যাচ্ছে না বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। তবে নতুন সরকার দায়িত্বভার গ্রহণের পর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী। এদিকে গতকাল বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন প্রচার সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ঢাকা জেলা সড়ক পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়েনের সাধারণ সম্পাদক শহীদুল্যাহ চৌধুরী শাহীন। ইসমাইল হোসেন বাচ্চুকে ফেডারেশনের প্রচার সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ৮ দফা দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে গত ২৮ ও ২৯ অক্টোবর সারাদেশে ৪৮ ঘন্টা পরিবহন ধর্মঘট (কর্মবিরতি) পালিত হয়। কর্মসূচি শেষে নতুন ৯৬ ঘন্টা কর্মবিরতির ঘোষণা দিয়েছিল সংগঠনটি।
ফেডারেশন নেতা ওসমান আলী বলেন, আমাদের দাবি থেকে আমরা সরে আসিনি। নতুন সরকারের কাছেই আমরা আমাদের দাবি জোরালো ভাবে জানাবো এবং আমরা আশা করি আমাদের দাবিগুলো আদায় করতে পারবো।
