করোনার উপসর্গে আরো ১২ জনের মৃত্যু

আপডেট : ১০ জুন ২০২০, ২২:৪৫

মহামারি করোনার উপসর্গ জ্বর, গলা ব্যথা, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে গত মঙ্গলবার বিকাল থেকে গতকাল বুধবার বিকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে এক জন স্বাস্থ্যকর্মী, ইউপি চেয়ারম্যান ও দুই মুক্তিযোদ্ধা রয়েছেন। করোনার পরীক্ষার জন্য মৃতদের নমুনা সংগৃহীত হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে এদের দাফন করা হয়েছে।

গতকাল নরসিংদী জেলা হাসপাতালের করোনা ইউনিটে টুটুল মিয়া (২৪) নামে এক যুবক মারা গেছেন। তিনি রায়পুরার ভিটি মরজাল গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। মঙ্গলবার রাতে পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের পারুলিয়া গ্রামের নাজিম উদ্দিন (৪৫) নামে আরো এক ব্যক্তি জেলা হাসপাতালে মারা গেছেন। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফান্দাউক ইউনিয়নের স্বাস্থ্য পরিদর্শন মো. শরীফ উদ্দিন (৩৫) গতকাল মারা গেছেন। তিনি স্থানীয় আতুকুড়া গ্রামের বাসিন্দা। গতকাল একই জেলার নবীনগরের পৌর এলাকার মাঝিকাড়া গ্রামে তাহসিন আক্তার জনি (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। জনি সিলেটে কৃষি বিপণন অধিদপ্তর অফিসে কর্মরত ছিলেন। সরাইলে মঙ্গলবার রাতে মারা গেছেন হাফেজ মো. মুছা মিয়া (৬০)। তিনি বাংলাদেশ গ্যাস ফিল্ড মসজিদের সাবেক ইমাম ছিলেন। তিনি জেলা সদর হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। তিনি সরাইল সদরের আলীনগর গ্রামের বাসিন্দা।

অপরদিকে চাঁদপুরের শাহরাস্তিতে ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা শফি আহমেদ মিন্টু জ্বর, শ্বাসকষ্টে মঙ্গলবার রাতে মারা গেছেন। সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। দিনাজপুরের হাকিমপুর উপজেলার জাংগই গ্রামে করোনার উপসর্গ নিয়ে সাহেব আলী (৬০) নামে এক বৃদ্ধ গতকাল মারা গেছেন। তিনি আনসার সদস্য ছিলেন। নমুনা দেওয়ার ৯ দিন পর করোনা উপসর্গ নিয়ে তিনি মারা যান। ঝিনাইদহের শৈলকুপায় ইকরামুল জোয়ার্দ্দার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বাড়ি উপজেলার আবাইপুর ইউনিয়নের যুগনী গ্রামে। জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে কয়েকদিন আগে তিনি ঢাকা থেকে বাড়িতে আসেন।            ময়মনসিংহের সিলভার ক্যাসেল রিসোর্টের মালিক আনোয়ার ইসলাম বেগ (৫০) গত মঙ্গলবার ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আনার পথে মারা যান। তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার রাতে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে জালাল উদ্দিন (৭১) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি কৃষি সম্প্রসারণ বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং গাজীপুর শহরের দক্ষিণ ছায়াবীথি এলাকার বাসিন্দা।

সিলেটের বিয়ানীবাজারে মুক্তিযোদ্ধা আব্দুল করিম (৮০) গতকাল সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে ছাতকে মঙ্গলবার সন্ধ্যায় জনোওয়ারা বেগম (৫৫) নামে এক যুক্তরাজ্য প্রবাসী নারীর মৃত্যু হয়েছে। উপজেলার জাউয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে। জনোওয়ারা বেগম বিশ্বনাথ উপজেলার লামাকাজী গ্রামের মৃত রশীদ আলীর স্ত্রী। গত এক সপ্তাহ ধরে জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত ছিলেন।

ইত্তেফাকের জেলা প্রতিনিধি ও উপজেলা সংবাদদাতাদের পাঠানো খবরের আলোকে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।