চট্টগ্রামে বাসে তুলে তরুণী ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার

আপডেট : ১০ জুন ২০২০, ২২:৪৫

নগরীর অক্সিজেন মোড়ে থেমে থাকা বাসে এক গার্মেন্টস শ্রমিককে তুলে ধর্ষণের অভিযোগে মো. ইসমাইল নামে এক যুবককে আটক করেছে র্যাব। গত মঙ্গলবার নগরীর বায়েজিদ থানাধীন শহীদনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তাকে বায়েজিদ থানায় হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইসমাইল ধর্ষণের কথা স্বীকার করেছে। গতকাল বুধবার র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র্যাব জানায়, গত রবিবার সকালে ঐ তরুণী কর্মস্থলে যাওয়ার জন্য অক্সিজেন মোড়ে অপেক্ষা করছিলেন। এক পর্যায়ে তাকে জোরপূর্বক বাসে তুলে ধর্ষণের ঘটনা ঘটে। বৃষ্টি পড়ায় তিনি সড়কের পাশে অবস্থান করছিলেন। এ সময় ইসমাইল ও তার এক সহযোগী তাকে রাস্তার পাশে পার্কিং করা একটি বাসে তুলে নিয়ে ধর্ষণ করে। পরে তার কাছ থেকে মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়ে এ ঘটনা কাউকে না জানাতে হুমকি দেয়। তিনি ভয়ে কাউকে ঘটনা জানাননি এবং থানায় কোনো অভিযোগ করেননি। পরে গত সোমবার র্যাব-৭ কার্যালয়ে এসে লিখিত অভিযোগ দেন।