খুলনা ও বান্দরবানে লকডাউন কার্যকর

আপডেট : ১০ জুন ২০২০, ২২:৪৬

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে খুলনা ও বান্দরবানে যানবাহন এবং চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করে লকডাউন কার্যকর করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে খুলনা জেলার সব উপজেলা ও মহানগরীতে এই বিধিনিষেধ কার্যকর হবে; চলবে ২৫ জুন পর্যন্ত। আর গতকাল বুধবার থেকে বান্দরবান পৌরসভা, সদর ও রুমা উপজেলা রেড জোন ঘোষণা করে লকডাউন কার্যকর হয়েছে। চলবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। প্রতিনিধিদের পাঠানো খবর।

খুলনা অফিস :খুলনায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে আজ বৃহস্পতিবার থেকে আগামী ২৫ জুন পর্যন্ত ১৫ দিনের জন্য দোকানপাট, যানবাহন ও জনসাধারণের চলাচলের ওপর বিধি নিষেধ জারি করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া সন্ধ্যা ৬টা থেকে সকাল ৭টা পর্যন্ত বাইরে থাকার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গতকাল বুধবার খুলনার জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এক গণবিজ্ঞপ্তিতে এই আদেশ জারি করেন।