রাজশাহীতে স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

আপডেট : ১০ জুন ২০২০, ২২:৪৭

জেলার মোহনপুরে স্ত্রী আঁখি আক্তারকে (২২) বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী মনিরুল ইসলামকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে মনিরুলকে গ্রেফতার করা হয়। সে পার্শ্ববর্তী বাগমারা উপজেলার খাজাপাড়ার আব্দুর রশিদের ছেলে।

পুলিশ জানায়, তিন বছর আগে মনিরুল ইসলামের সঙ্গে আঁখি আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে মনিরুল ইসলাম যৌতুকের দাবিতে আঁখি আক্তারকে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করত। এরই ধারাবাহিকতায় মনিরুল ইসলাম গত মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাতে শ্বশুর বাড়িতে গিয়ে আঁখি আক্তারকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে শয়নকক্ষে শিকল লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে মঙ্গলবার রাতেই মৃত আঁখি আক্তারের মরদেহ উদ্ধার করে মোহনপুর থানা পুলিশ। পরে এ ঘটনায় মৃত আঁখির পিতা আয়নাল হক বাদী হয়ে থানায় মনিরুল ইসলামের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ রাতেই আসামি ধরতে অভিযান শুরু করে।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম জানান, গতকাল বুধবার (১০ জুন) রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন দেবের নেতৃত্বে দুপুর দুইটার দিকে মোহনপুর থানার একটি টিম বাগমারা থেকে মনিরুল ইসলামকে গ্রেফতার করে।