বিশ্ব অর্থনীতি গত এক শতাব্দির মধ্যে সবচেয়ে খারাপ সময় পার করছে বলে উল্লেখ করেছে অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি)। প্যারিস ভিত্তিক এই থিংক ট্যাঙ্ক বর্তমান পরিস্থিতিকে সবচেয়ে খারাপ মন্দা বলেও উল্লেখ করেছে। কারণ এর আগে ত্রিশের দশকে ভয়াবহ মন্দা শেষ পর্যন্ত বিশ্বযুদ্ধ পর্যন্ত গড়িয়েছিল। কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন। করোনা অতিমারি মোকাবিলায় শত শত কোটি মানুষ গৃহবন্দি হয়ে পড়েছে। বিশ্ব অর্থনীতি এতটাই গতিহীন হয়ে পড়েছে যে, ত্রিশের দশকের মহামন্দাকেও ছাড়িয়ে গেছে।
ওইসিডির হিসেবে এ বছর বিশ্ব অর্থনীতি ৬ শতাংশ সংকুচিত হতে পারে। অবশ্য ২০২১ সালে বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করবে বলেও আশা করা হয়েছে। তবে বড়ো আশঙ্কার বিষয় হলো করোনা ভাইরাসের প্রভাবে দ্বিতীয় পর্যায়ের ধাক্কা অর্থনীতির জন্য আরো খারাপ হতে পারে। এর ফলে বড়ো ধরনের ক্ষত থেকে যাওয়ার আশঙ্কা করা হয়েছে। উল্লেখ সম্প্রতি বিশ্ব ব্যাংক তাদের পূর্বাভাস প্রতিবেদনে বলেছে, এ বছর বিশ্ব জিডিপি ৫ দশমিক ২ শতাংশ সংকুচিত হতে পারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ৩ শতাংশ সংকুচিত হওয়ার পূর্বাভাস দিয়েছে।
ওইসিডি বলছে, ২০২১ সালের শেষ নাগাদ আয়ের যে ক্ষতি দেখা যাবে তা গত ১০০ বছরেও দেখা যায়নি। এই প্রভাব সাধারণ মানুষের জীবনে দীর্ঘমেয়াদে দাগ কেটে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে করোনার প্রভাব আরো বেশি দিন থাকলে আগামী বছরও অনিশ্চয়তা থেকে যাবে। বহু মানুষ বেকার হয়ে যাবে। শুধু বেকার হয়ে যাওয়াই নয়, এদের অনেকেই দীর্ঘমেয়াদে বেকারত্বের ফাঁদে আটকে যাবে বলে আশঙ্কা করছে ওইসিডি।
