নড়াইলে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ৩, আহত ১৫

আপডেট : ১০ জুন ২০২০, ২২:৫৩

নড়াইলের পল্লিতে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আপন চাচা-ভাতিজাসহ একই গ্রুপের তিন জন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে লোহাগড়া উপজেলার কাশীপুর ইউনিয়নের গন্ডোব গ্রামে। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। নিহতরা হলেন—মুক্তার মোল্যা (৬০), তার ভাতিজা আমিনুর রহমান হাবিব (৫৫) এবং রফিকুল ইসলাম (৩০)। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৯ রাউন্ড শটগানের গুলিবর্ষণ করেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কাশীপুর ইউনিয়নের সাবেক মেম্বার গন্ডোব গ্রামের মিরাজ মোল্যা এবং নড়াইল জেলা পরিষদ সদস্য একই গ্রামের সুলতান মাহমুদ বিপ্লব গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এরই ধারাবাহিকতায় দুই গ্রুপের লোকজন প্রায়ই দ্বন্দ্ব-সংঘাতে জড়িয়ে পড়ে। বুধবার দুপুরে মিরাজ মোল্যা গ্রুপের খালিদ                 বাজারে যাওয়ার পথে গন্ডোব গ্রামের বটতলায় তাকে হাতুড়িপেটাসহ মারধর করে প্রতিপক্ষ বিপ্লব গ্রুপের লোকজন। এসময় মিরাজ মোল্যা গ্রুপের লোকজন এ ঘটনার প্রতিবাদ করলে বিপ্লব গ্রুপ মিরাজ মোল্যার লোকজনের ওপর ধারালো অস্ত্র ও লাঠিসহ হামলা চালায়। এরপরই দুই গ্রুপে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে আহতদের নড়াইল সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিত্সক মুক্তার মোল্যা ও আমিনুর রহমান হাবিবকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত রফিকুলকে যশোর নেওয়ার পথে তিনি মারা যান।

লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, এলাকার পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় জড়িতদের আটকে জোর অভিযান চলছে।