জাতীয় হূদেরাগ ইনস্টিটিউটে সরকারি ওষুধ চুরির সময় হাতেনাতে দুই ফার্মাসিস্টকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। আটককৃতরা হলেন—নির্মল কুমার সরকার (৪৮) ও বশির উদ্দিন আহমদ (৪৮)। বুধবার দুপুরে তাদেরকে আটক করা হয়। সন্ধ্যায় তাদেরকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়। এর আগে মঙ্গলবার রাতে শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক অ্যান্ড বার্ন ইনস্টিটিউট ও হাসপাতালে সরকারি ওষুধ চুরির সময় সিনিয়র স্টাফ নার্স তপন কুমারকে জাতীয় গোয়েন্দা সংস্থা আটক করে শাহবাগ থানা পুলিশে সোপর্দ করে।
শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুন্সী বলেন, দুপুরে তাদেরকে ২০০ ইনজেকশন ও ৩০টি ট্যাবলেট চুরির সময় গোয়েন্দা সংস্থা হাতেনাতে আটক করে। পরে পুলিশের খবর দেওয়া হয়। সন্ধ্যায় পুলিশ গিয়ে তাদেরকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
