রাজধানীসহ বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে মোবাইল ব্যাংকিং প্রতারণার সঙ্গে জড়িত সাত জনকে গ্রেফতার করেছে র্যাব-১০। মঙ্গলবার থেকে গতকাল বুধবার পর্যন্ত চলে এ অভিযান। গ্রেফতারকৃতরা হলো—আকাশ শেখ, জোবায়ের হোসেন, মনির হোসেন, বাদল মন্ডল, আলমগীর হোসেন, নাসির হোসাইন ও শিমুল মিয়া।
র্যাব সূত্র জানায়, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে র্যাব-১০ ঢাকা, গাজীপুর, ফরিদপুর ও মাগুরায় অভিযান চালিয়ে সাত জনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১০ লাখ ৯ হাজার ২৭৭ টাকা, ১২টি মোবাইল ফোন, ১৫টি সিম কার্ড, দুটি ট্যাব, সাতটি বিকাশের ক্যাশ ইন-আউট রেজিস্টার উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্বদানকারী কর্মকর্তা র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চক্রের সদস্যরা মোবাইল ব্যাংকিং প্রতারণায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা কৌশলে কাস্টমার কেয়ার নম্বর ‘স্পুফিং’ করে গ্রাহকদের ফোন করে অ্যাকাউন্টের তথ্য নেয়। তারা গ্রাহকদের অ্যাকাউন্ট ও গোপন পিন নম্বর জেনে সংশ্লিষ্ট অ্যাকাউন্টে থেকে অর্থ হাতিয়ে নিয়ে আসছিল।
