তথ্য গোপন ও জাল নথি দাখিল করে হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন হত্যা মামলার পাঁচ আসামি। জালিয়াতির বিষয়টি নজরে আনা হলে বিচারপতি জাহাঙ্গীর হোসেনের একক ভার্চুয়াল বেঞ্চ গতকাল বুধবার আসামিদের জামিন বাতিলের আদেশ দেন। একই সঙ্গে আসামিরা যদি জামিনে এরই মধ্যে কারাগার থেকে বেরিয়ে যান তাহলে সাত দিনের মধ্যে আত্মসমর্পণ আর আত্মসমর্পণ না করলে আসামিদের গ্রেফতার করতে খুলনার এসপিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
এদিকে আসামিদের পক্ষে জামিন আবেদনের শুনানিতে অংশ নেওয়া আইনজীবী আবু হেনা মোস্তফা কামালকে শোকজ এবং ভার্চুয়াল কোর্টে মামলা পরিচালনা থেকে তাকে বিরত থাকতে বলা হয়েছে। জামিন বাতিল হওয়া আসামিরা হলেন: সোহাগ শেখ, সেলিম শেখ, জুয়েল শেখ, লুত্ফর শেখ ও আব্দুল্লাহ মোল্লা। গতকাল জামিন জালিয়াতির বিষয়টি আদালতের নজরে আনেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো.বশিরউল্লাহ।
খুলনার দিঘলিয়া উপজেলার পরবিলার টিপু শেখ খুনের মামলায় ৩২ আসামির মধ্যে পাঁচ আসামি হাইকোর্টে জামিন চান। গত ১৮ মে হাইকোর্টের ভার্চুয়াল আদালত আসামিদের জামিন মঞ্জুর করে।
ড. মো. বশিরউল্লাহ সাংবাদিকদের বলেন, মামলার বাদীপক্ষের আইনজীবী সুলতান মাহমুদ আসামিরা জালিয়াতি করে জামিন নিয়েছেন জানতে পেরে বিষয়টি আমাদের অবহিত করেন। আদালতের সঙ্গে এরচেয়ে বড়ো জালিয়াতি আর হতে পারে না।
