বিতর্কিত ভূখণ্ড মানচিত্রে অন্তর্ভূক্ত করে নেপালের সংবিধান সংশোধন

আপডেট : ১১ জুন ২০২০, ০০:৩৭

নেপালের নতুন রাজনৈতিক মানচিত্র এবং নতুন জাতীয় প্রতীক নির্ধারণে দেশের সংবিধান সংশোধনে সর্বসম্মতিক্রমে অনুমোদন দিয়েছে নেপালের পার্লামেন্ট। নতুন এই মানচিত্র ও প্রতীকে এখন আনুষ্ঠানিকভাবে লিপুলেখ, কালাপানি এবং লিম্পিয়াধাউরাকে নেপালের ভূখণ্ড হিসেবে প্রদর্শিত হবে। খবর বিবিসির

১৮১৬ সালের সুগাউলি চুক্তি অনুযায়ী নেপাল এই দাবি করছে, যদিও ভারত সেই দাবি নাকচ করে দিয়ে আসছে। মে মাসের মাঝামাঝিতে বিতর্কিত ভূখণ্ড কালাপানি আর লিপুলেখকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করে নেপালের সরকার। তখন নেপালের মন্ত্রিসভার একটি বৈঠকের পর সরকারের মুখপাত্র ও অর্থমন্ত্রী ইউভরাজ খাটিওয়াদা জানান, নতুন এই মানচিত্র স্কুল-কলেজের বইপত্রে, সরকারি প্রতীকে এবং অফিস-আদালতের সব কাগজপত্রে এখন থেকেই ব্যবহার করা হবে।

মঙ্গলবার রাতে সংবিধান সংশোধনের প্রস্তাব পাশ হওয়ার পর সদস্যরা রীতি অনুযায়ী দীর্ঘক্ষণ ধরে টেবিল চাপড়ে উল্লাস প্রকাশ করেন। এখন প্রেসিডেন্ট বিদ্যা দেবী বান্দারি অনুমোদন দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে সংবিধান সংশোধন কার্যকর হবে। নেপালের মানচিত্র এবং প্রতীক সংশোধন নিয়ে পার্লামেন্টে বিতর্ক চলার সময় পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ গাওয়ালি দিল্লির অসহযোগিতা নিয়ে উদ্বেগ এবং হতাশা প্রকাশ করেন যে, নেপাল ঐ ভূখণ্ডের দাবি নিয়ে কূটনীতিক আলোচনার প্রস্তাব দিলেও ভারত তাতে সাড়া দেয়নি।