চট্টগ্রাম বন্দরের ২০১৮ সালে কন্টেইনার হ্যান্ডলিংয়ের প্রবৃদ্ধি হয়েছে শতকরা প্রায় ৯ ভাগ। অপরদিকে অন্যান্য পণ্য হ্যান্ডলিং প্রবৃদ্ধি হয়েছে শতকরা প্রায় ১৩ ভাগ। বন্দরের পরিসংখ্যানে দেখা যায়, ২০১৮ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রাম বন্দরের মোট কন্টেইনার হ্যান্ডলিং হয় ২৯ লক্ষ ৩ হাজার ৯৯৬টি। অন্যদিকে ২০১৭ সালে কন্টেইনার হ্যান্ডলিংয়ের পরিমাণ ছিল ২৬ লক্ষ ৬৭ হাজার ২২৩টি। এক্ষেত্রে প্রবৃদ্ধির পরিমাণ শতকরা ৮ দশমিক ৮৮ ভাগ। ২০১৮ সালের চট্টগ্রাম বন্দরের কার্গো হ্যান্ডলিং বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৯ কোটি ৬৩ লক্ষ ১১ হাজার ২২৪ মেট্রিক টন। এক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে শতকরা ১২ দশমিক ৯৮ ভাগ। বন্দর সূত্রে জানা যায়, বন্দরে জাহাজ সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৭৪৭টি। যা পূর্ববর্তী বছরের চেয়েও বেশী।
তবে বন্দরের পূর্ববর্তী বছরসমূহের পরিসংখ্যানে দেখা যায়, ২০১৭ সালে প্রবৃদ্ধি হয়েছিল শতকরা ১০ ভাগ। একইভাগে কার্গো হ্যান্ডলিংয়ের প্রবৃদ্ধিও বেশী ছিল। বন্দরের কন্টেইনার হ্যান্ডলিংয়ের প্রবৃদ্ধি তুলনামূলক কম হওয়ার ক্ষেত্রে মূল বিষয় ছিল জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনের কারণে বছরের শেষের দিকে আমদানি কিছুটা কমে গেছে বলে বন্দরের সংশ্লিষ্ট এক উর্ধ্বতন কর্মকর্তা জানান। একইসাথে এ বছর বন্ধের পরিমাণ তুলনামূলকভাবে বেশী ছিল। বিশেষ করে ট্রেলার ধর্মঘটসহ কয়েকটি অনাকাঙ্খিত বন্ধের কারণে হ্যান্ডলিং কিছুটা কম হয়েছে বলে সংশ্লিষ্টদের অভিমত। তবে নতুন কিছু ইকুইপমেন্ট বন্দরে সংযোজিত হওয়ায় প্রেক্ষিতে ২০১৯ সালে কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ের প্রবৃদ্ধি বেশী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
