একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন দুর্বৃত্তদের হামলায় আহত ঢাকা-৪ (শ্যামপুর-কদমতলি) আসনে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদকে দেখতে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে গেছেন ওই আসনে আবারও সংসদ সদস্য নির্বাচিত হওয়া ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির (জাপা) সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা।
হাসপাতাল থেকে বেরিয়ে বাবলা ইত্তেফাককে বলেন, ‘আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। ভোটে উনি আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন। রাজনীতিতে প্রতিপক্ষ হলেও তিনি তো আমার শত্রু নন। এজন্য আমি তাকে দেখতে গিয়েছি, তার পাশে প্রায় দেড় ঘণ্টা ছিলাম, চিকিত্সার খবর নিয়েছি। এমনকি ভোটেরদিনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করেছি।’ বাবলার সঙ্গে এসময় ৫৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী মাসুদ, জাপার কেন্দ্রীয় নেতা সুজন দে ও হানিফ সর্দারসহ স্থানীয় আওয়ামী লীগ ও জাপার নেতারা উপস্থিত ছিলেন। হাসপাতালে উপস্থিত থাকা সালাহউদ্দিন আহমদের ছেলে তানভীর আহমেদ রবিন হামলাকারীদের গ্রেফতারে উদ্যোগ নিতে বাবলাকে অনুরোধ করেন।
