পিরোজপুর জেলা জজকোর্ট চত্বরে পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি আমানুল্লাহকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে বাগেরহাট জেলার মোংলা বন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন জানান, কাউখালি উপজেলার নাঙ্গুলী গ্রামের মফিজ হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামি আমানুল্লাহ আদালত চত্বর থেকে পালিয়ে গেলে পিরোজপুর সদর থানায় একটি মামলা করা হয়। পরে পিরোজপুর পুলিশ সুপারের নির্দেশে মোবাইল প্রযুক্তি ব্যবহার করে বাগেরহাট জেলার মোংলা বন্দর থেকে গতকাল দুপুরে তাকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে এ মামলার অন্যান্য আসামির সঙ্গে তাকে জেলা কারাগার থেকে হাজিরের জন্য আনা হয়। এ সময় প্রিজনভ্যান থেকে নামিয়ে আদালতে উপস্থিত করার সময় হাতকড়া থেকে হাতগলিয়ে আমানুল্লাহ পালিয়ে যায়।
