রাজধানীর কৃষি মার্কেট এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্র ও মাদকসহ ৮ জনকে গ্রেফতার করেছে র্যাব। তারা হলেন- মো. টিপু, মো. তৌসিফ ওরফে টাকলি, মো. সনু, আবিদ হোসেন ওরফে সনু, মো. আরিফ হোসেন, আব্দুর রহমান, মো. সুমন ও মো. চুন্না।
এ সময় তাদের কাছ থেকে দুটি রামদা, একটি চাপাতি, দুটি ছুরি, দুটি চাকু, ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গত বুধবার রাতে মোহাম্মদপুর কিশলয় স্কুলের সামনে তাজমহল পার্ক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-২-এর কোম্পানি কমান্ডার এসপি মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, আসামিরা সংঘবদ্ধ অপরাধ চক্রের সদস্য। এরা ডাকাতি, ছিনতাই, চুরি, লুটতরাজ করে। জেনেভা ক্যাম্পে তাদের জন্ম এবং বিহারী বংশোদ্ভূত। কৃষি মার্কেট এলাকায় প্রতিনিয়ত যেসব মালবাহী ট্রাক, কাভার্ডভ্যান ও পিকআপ মাল নামানোর জন্য আসে সেসব যানবাহন তাদের টার্গেট। মাল বোঝাই ট্রাক, কাভার্ডভ্যান ও পিকআপ টার্গেট করে কৃষি মার্কেট এলাকা থেকে অন্যত্র নিয়ে মালামাল ডাকাতি ও চালক-সহকারীর সর্বস্ব লুটে নেয়। সময়ভেদে তারা ছিনতাই ও চুরি করে থাকে। মূলত তারা সকলেই মাদকসেবী। ডাকাতি, ছিনতাই ও চুরি করা টাকা দিয়ে মাদক কিনে সেবন করে। অস্ত্রধারী হওয়ায় মাদক ব্যবসাও করে থাকে।
গ্রেফতারকৃতরা মোহাম্মদপুর ও আদাবর এলাকায় ডাকাতি, ছিনতাই, সিঁদেল ও ছিচকে চুরির ঘটনার একাধিক অভিযোগ রয়েছে। করোনা ভাইরাসের সময়ও তারা নিয়মিত অপরাধ করে যাচ্ছিল। আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইন, ডাকাতির প্রস্তুতি ও মাদক আইনে মোহাম্মদপুর থানায় তিনটি মামলা করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
