গাজীপুরের আলোচিত মেধাবী ছাত্র সাদমান ইকবাল রাকিনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সহপাঠীরা। মঙ্গলবার শ্রীপুর উপজেলা ফাউগান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফাউগান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীসহ এলাকাবাসী এই মানববন্ধনে অংশ নেন। এতে প্রহলাদপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হক আকন, ফাউগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু হিমাংশু দেবনাথ, ফাউগান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান, রাকিনের বাবা শামীম ইকবাল এবং রাকিনের সহপাঠী সাবিত ইবনে সাইদুর ও লুবনা আক্তার বক্তব্য রাখেন।
রাকিনের বাবা শামীম ইকবাল ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন, ‘আমার একমাত্র ছেলে এবারের পিইসি পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করেছে। কিন্ত সে আর পৃথিবীতে নেই। এই বয়সে আর কোনো মায়ের কোল যেন এমনভাবে খালি না হয়, সে জন্য হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি।’
প্রসঙ্গত, গত ৫ ডিসেম্বর বিকেলে ফাউগান গ্রামের নিজ বাড়ির পাশে খেলার মাঠ থেকে অপহরণ করা হয় রাকিনকে। পরে ওইদিন রাতেই মোবাইলে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এ ঘটনায় রাকিনের বাবা শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেন। গত ১১ ডিসেম্বর সকালে বাড়ির পাশে বাঁশঝাড় থেকে রাকিনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ১৩ ডিসেম্বর হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে একই গ্রামের আলিম সিকদারের ছেলে পারভেজ সিকাদার (১৮) ও লতিফ মোল্লার ছেলে ফয়সাল মোল্লাকে (১৯) আটক করে র্যাব ও পুলিশ।
