করোনার কারণে পুরো টেনিস-বিশ্বই এখন স্থবির। ইউএস ওপেন, ফ্রেঞ্চ ওপেনের দিনক্ষণ ঠিক থাকলেও পিছিয়ে যাওয়ার শঙ্কা চোখ রাঙানি দিচ্ছে ঠিকই। ফলে কবে প্রাণ-চাঞ্চল্য ফিরবে তারও কোনো নিশ্চয়তা নেই। তবে চলতি বছর টেনিস মাঠে যদি ফেরেও, রজার ফেদেরারকে দেখা যাবে না সহসাই। ডান হাঁটুতে আবারও অস্ত্রোপচারের কারণে চলতি মৌসুমটাই শেষ হয়ে গেছে তার।
ফেদেরার সর্বশেষ টেনিস কোর্টে পা রেখেছিলেন সেই জানুয়ারিতে। উইম্বলডনের সেমিফাইনালে নোভাক জকোভিচের কাছে হারের পরপরই অস্ত্রোপচারের জন্য শল্যবিদের কাছে ছুটেন তিনি। ফেব্রুয়ারিতে সেই অস্ত্রোপচারের পর থেকেই ছিলেন পুনর্বাসন প্রক্রিয়ায়।
সম্প্রতি পুনর্বাসন প্রক্রিয়ার সময়েই আবারও একই জায়গায় সমস্যা অনুভব করেন তিনি। আবারও অস্ত্রোপচারের পরামর্শ দেন চিকিত্সক। অস্ত্রোপচারের ফলে চলতি মৌসুমে আর টেনিস কোর্টে ফেরা হবে না ফেডেক্সের। সম্প্রতি টুইটারে ব্যাপারটি জানান তিনি।
২০টি গ্র্যান্ড স্লামজয়ী তারকা বলেন, ‘সপ্তাহ দুয়েক আগে পুনর্বাসনে কিছুটা সমস্যার মুখোমুখি হবার কারণে আমার ডান হাঁটুতে আরেকটা আর্থোস্কোপিক সার্জারি দরকার হয়ে দাঁড়িয়েছে। এর ফলে ২০১৭ মৌসুমের আগে যেভাবে সময় নিয়ে শতভাগ ফিটনেস ফিরে পাওয়ার জন্য পরিকল্পনা করে এগিয়েছিলাম, এবারও তেমন পরিকল্পনাই করছি।’
২০১৬ সালে একটা বড়ো অংশ চোটের কারণে মাঠের বাইরে বসে থাকতে হয়েছিল তাকে। পরের বছর অস্ট্রেলিয়ান ওপেন আর উইম্বলডন জিতে রাজসিকভাবেই ফিরেছিলেন ফেডেক্স। তবে আগামী মৌসুমের শুরুতে যখন ফিরবেন বয়স ৪০ এর কোঠা ছুঁইছুঁই করবে। তবে এ মুহূর্তেও অবসরের কথা ভাবছেন না তিনি। বললেন, ‘আগামী মৌসুমের শুরুতে আবার সবাইকে কোর্টে দেখার জন্য তর সইছে না আমার।’
