ফেনীতে বিভিন্ন রেড জোনে লকডাউন

আপডেট : ১১ জুন ২০২০, ২১:৩৭

ফেনীতে করোনা ভাইরাস সংক্রমণের রেড জোন হিসেবে চিহ্নিত করে ফেনী পৌরসভার ডাক্তারপাড়া, রামপুর ও শান্তি কোম্পানি এলাকা, দাগনভূঁঞা পৌরসভা, রাজাপুর, পূর্বচন্দ্রপুর ও ইয়াকুবপুর ইউনিয়ন এলাকায় বৃহস্পতিবার  সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লকডাউন শুরু হয়েছে। সোনালী ব্যাংক ম্যানেজার আবদুল মান্নান বলেন, লকডাইন হলেও আমাকে ব্যাংকে যেতে হবে। কারণ আমার কাছে ব্যাংকের চাবি রয়েছে। তারপর ব্যাংক আমাকে লকডাউনের কারণে ছুটিও দেয়নি।

ডাক্তারপাড়ার বাসিন্দা ফেনী চেম্বারের পরিচালক আবুল কাশেম জানান, ফেনীতে করোনা ভাইরাস সংক্রমণ হঠাত্ বেড়ে যাওয়ায় ডাক্তারপাড়া, রামপুর ও শান্তি কোম্পানি এলাকা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও পৌরসভা লকডাউন করেছে। লোকজনের একটু সমস্যা হবে তারপরও আমাদের মেনে চলা উচিত।

ফেনী পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মাহতাব উদ্দিন মুন্না বলেন, করোনা ভাইরাস সংক্রমণের রেড জোন হিসেবে চিহ্নিত করায় প্রশাসন ও পৌরসভার নির্দেশে লকডাউন পালন করা হচ্ছে। কোনো লোক সমস্যায় আছে জানালে ব্যবস্থা নেওয়া হবে। অপর দিকে রেড জোন হিসেবে চিহ্নিত করে ১২ জুন সকাল ৬টা থেকে ২৫ জুন পর্যন্ত ছাগলনাইয়া পৌরসভা এলাকা লকডাউন ঘোষণা করেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার ও করোনা ভাইরাস সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা ছাগলনাইয়া উপজেলা কমিটির সভাপতি সাজিয়া তাহের। এ বিষয়ে মঙ্গলবার জেলা সিভিল সার্জন মো. সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত একটি চিঠি জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান বরাবর পাঠানো হলে তা বুধবার বিকালে স্ব স্ব উপজেলা প্রশাসন ও পৌরসভার মেয়র ঘোষণা দেন। সিভিল সার্জন মো. সাজ্জাদ হোসেন জানান, ফেনী পৌর এলাকাতে এ পর্যন্ত ১০২ জন করোনা শনাক্ত হয়েছেন। ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান জানান, স্বাস্থ্য বিভাগের তথ্য ও সুপারিশ অনুযায়ী বৃহস্পতিবার থেকে লকডাউন শুরু হয়েছে। লকডাউনের বিষয়ে স্বাস্থ্য বিভাগ, উপজেলা প্রশাসন ও পৌরসভাকে নির্দেশনা দেওয়া হয়েছে। সে আলোকে তারা ব্যবস্থা গ্রহণ করছেন।