নীলফামারীর সৈয়দপুর পৌর সবজি বাজার সরিয়ে নেওয়ায় ও শর্ত ভঙ্গ করার প্রতিবাদে কাঁচামাল ব্যবসায়ীরা কাফনের কাপড় পরে পৌরসভা কার্যালয় ঘেরাও করেছেন। বৃহস্পতিবার সকালে তারা সৈয়দপুর পৌরসভা ঘেরাও করেন। এ সময় মেয়রকে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
আন্দোলনরত সৈয়দপুর ক্ষুদ্র আলু ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আবুল কালাম জানান, ১৯২৫ সাল থেকে আমরা সৈয়দপুর শহরের নয়াবাজার এলাকায় কাঁচা বাজার পরিচালনা করে আসছি। সাম্প্রতিক করোনাকালে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলে শহর থেকে প্রায় ২ কিলোমিটার দূরে বাইপাস সড়কের মিস্ত্রিপাড়া সেপটিক ট্যাংক এলাকায় আমাদের ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তর করে প্রশাসন। এ নিয়ে সৈয়দপুর পৌরসভার মেয়র আগামী ১৩ জুনের মধ্যে কাঁচা বাজারটি উল্লেখিত স্থানে স্থানান্তরের বিজ্ঞপ্তি জারি করেন।
ঐ ব্যবসায়ী জানান, স্থানান্তরের শর্ত ছিল ঐ এলাকায় কোনো ভাড়া নেওয়া হবে না এবং পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা পৌর কাঁচা বাজারে ফিরে আসব। যার একটিও মানা হয়নি। বরং বাইপাস সেপটিক ট্যাংক কাঁচা বাজার ব্যবসায়ী সমিতি আমাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে। এমনিতে করোনাকালে ব্যবসাবাণিজ্যে করুণ অবস্থা বিরাজ করছে। তার ওপর শর্ত ভঙ্গ করে ভাড়া আদায় করায় ব্যবসায়ীরা পথে বসার অবস্থা। এখন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। তাই আমরা পৌর সবজি বাজারে আমাদের ব্যবসা পরিচালনা শুরু করেছি। কিন্তু বাধা দিচ্ছে প্রশাসন। ব্যবসায়ীরা প্রায় দেড় ঘণ্টা পৌর ভবন ঘেরাও করে রাখেন।
এ সময় সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার ব্যবসায়ীদের উদ্দেশ্য করে বলেন, আপনাদের স্মারকলিপিতে যা যা লেখা রয়েছে এ নিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলা হবে। দ্রুত সব সমস্যার সমাধান হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন। মেয়রের প্রতিশ্রুতিতে ব্যবসায়ীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেন।
