বিশ্বের দীর্ঘতম সৈকতের তীর ঘেঁষে তৈরি মেরিন ড্রাইভ সড়ক সবুজায়ন করে পর্যটন শিল্পের বিকাশে ফলজ-বনজ-ঔষধিসহ বিভিন্ন জাতের ১ লাখ চারাগাছ লাগানোর উদ্যোগ নিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)। বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কউক অধিক্ষেত্রের মেরিন ড্রাইভ সড়কের সমুদ্রের বিপরীত পাশে পাটুয়ারটেক এলাকার প্রায় সাত কিলোমিটার রাস্তায় ১০ হাজার গাছ লাগানো হয়েছে।
গাছের চারা রোপণ উদ্বোধনকালে কউক চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ বলেন, পতিত স্থানে ফলজ-বনজ-ঔষধি গাছ লাগিয়ে সবুজায়ন সৃষ্টির নির্দেশনা রয়েছে প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন ও পুরো মেরিন ড্রাইভ পর্যটনবান্ধব করে গড়ে তুলতে এখানে ১ লাখ চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। রোপিত চারা গাছগুলো এলাকাভিত্তিক পরিচর্যার জন্যে স্থানীয় ছাত্রলীগ নেতৃবৃন্দসহ স্থানীয় পরিবেশপ্রেমী জনগোষ্ঠীকে দায়িত্ব দেওয়া হয়। তিনি বলেন, সৈকতকে ঘিরে বন বিভাগের নেওয়া পরিকল্পনাগুলো বাদ দিয়ে বাকি স্থানে তাদের সঙ্গে সমন্বয় করে ঝাউ ও অন্যান্য গাছ লাগানো হবে।
