করোনা সংক্রমণ রোধে বান্দরবান পৌরসভা, সদর ও রুমা উপজেলায় লকডাউন কার্যকরে কঠোর হচ্ছে প্রশাসন। বৃহস্পতিবার দুপুর থেকে ঘোষিত লকডাউন এলাকাগুলোতে মাইকিং করে জনগণকে ঘর থেকে বের না হতে সতর্ক করছে প্রশাসন। আইন অমান্যকারীদের বিরুদ্ধে তাত্ক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম জানান, বান্দরবান পৌরসভা, সদর এবং রুমা উপজেলা এখন রেড জোন। এর মধ্যে ওষুধের দোকান ছাড়া সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান এবং গণপরিবহন চলাচল বন্ধ করা হয়েছে। মানুষকে ঘর থেকে বের না হতে মাইকিং করা হচ্ছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লকডাউন কার্যকরে শুক্রবার থেকে আরো কঠোরভাবে মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালত এবং আইনশৃঙ্খলা বাহিনী।
