সংবাদ সংক্ষেপ

আপডেট : ১১ জুন ২০২০, ২১:৪৬

দরিদ্র ও মেধাবী ছাত্রীদের বাইসাইকেল বিতরণ

বাঘা (রাজশাহী) সংবাদদাতা  বাঘায় বৃহস্পতিবার দরিদ্র ও মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লায়েবউদ্দিন লাভলু ও নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা উপস্থিত থেকে বাইসাইকেল বিতরণ করেন।

প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তির চেক বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১১৭ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে চেক তুলে দেওয়া হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা বিভাগের আয়োজনে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন প্রমুখ।

মানব পাচারসংক্রান্ত মামলার বিচার দাবিতে সংবাদ সম্মেলন

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা মানব পাচারসংক্রান্ত মামলার বিচার ও আইনি সহায়তা কার্যক্রম শক্তিশালী ও সম্প্রসারণের আহ্বানের দাবিতে তালা ডাকবাংলোয় বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষায় উপজেলা সিটিসি, চাইল্ড টাস্ক ফোর্স, শিশু প্রতিনিধি ও বেসরকারি সংগঠন ইনসিডিন বাংলাদেশের পরিচালনাধীন কনসোডিয়াম পিসিটিএসসিএন -এর যৌথ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইনসিডিন বাংলাদেশের সাতক্ষীরা প্রতিনিধি মো. সাকিবুর রহমান সাকিব।

রংপুরে যাত্রীদের মধ্যে লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার, রংপুর নগরীর বিভিন্ন স্থানে পুলিশ বুধবার সচেতনতামূলক লিফলেট বিতরণসহ চেকপোস্ট বসিয়ে তল্ল­াশি চালায়। এ সময় বাস, ট্রাকসহ ছোটো-বড়ো যানবাহনে তল্ল­াশি চালিয়ে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্যকারীদের সতর্ক করেন পুলিশের কর্মকর্তারা। এছাড়াও পরিবহন মালিক, শ্রমিক, যাত্রী এবং স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. মহিদুল ইসলাম বলেন, মহামারিকালে জনসচেতনতা বাড়াতে এ তত্পরতা অব্যাহত রয়েছে।

স্কুলঘরের টিন বিক্রি করে শিক্ষার্থীদের ত্রাণ বিতরণ

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা ত্রিশালের পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আইডিয়াল প্রতিবন্ধী স্কুলঘরের টিনের চাল বিক্রি করে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। সম্প্রতি দুই শতাধিক প্রতিবন্ধী শিক্ষার্থীর মধ্যে ত্রাণ বিতরণ করেন স্কুলের পরিচালক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. কামাল হোসেন। তিনি সরকারসহ সমাজের বিত্তবানদের এই স্কুলের উন্নতিকল্পে এগিয়ে আসার আহ্বান জানান।

তিতাসে মাস্ক বিতরণ

তিতাস (কুমিল্লা) সংবাদদাতা স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার তিতাস’ এর উদ্যোগে বৃহস্পতিবার উপজেলা সদর কড়িকান্দি বাজারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে দুই শতাধিক মাস্ক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের আহ্বায়ক আল মাসুদুর রহমান সোহেল, সদস্য সচিব আল আমিন হক বাবু প্রমুখ।