ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, জামায়াতকে ধানের শীষ প্রতীক দেওয়ার পরেও শেষ রক্ষা হলো না বিএনপি’র। নির্বাচনে তাদের ভরাডুবি হলো। আসলে জনগণ এই নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে বিএনপি ও জামায়াত উভয়কেই প্রত্যাখ্যান করেছে। বিএনপি যুদ্ধাপরাধীদের আঁচল থেকে বের হতে না পারলে তারা আর কখনোই রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না। গতকাল মঙ্গলবার রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষক, ছাত্র, অভিভাবকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেনন বলেন, বিএনপি ভোটের ফলাফল প্রত্যাখ্যান করার মধ্য দিয়ে নির্বাচন সম্পর্কে আবারও তাদের নেতিবাচক দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ ঘটিয়েছে। তারা সারাদিন বলেছে ভোট সুষ্ঠু হয়েছে, আর সন্ধ্যায় গিয়ে বলছে ফলাফল মানি না। তারা যে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে এটা তারই প্রমাণ।
উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের চেয়ারম্যান আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হোসেন, কেন্দ্রীয় সদস্য তৌহিদুল ইসলামসহ গভর্নিং বডির সদস্য ও শিক্ষকরা।
