মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে সাক্ষ্য দিয়েছেন পুলিশের হেফাজতে নিহত জর্জ ফ্লয়েডের ভাই ফিলোনিজ ফ্লয়েড। তিনি বলেছেন, আধুনিক যুগে গণপিটুনির মতো নির্যাতন করেই আমার ভাইকে হত্যা করা হয়েছে। জর্জ হত্যাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে বর্ণবাদবিরোধী আন্দোলন তীব্র হয়েছে। বিভিন্ন দেশে দাস ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ী নেতাদের ভাস্কর্য ভেঙ্গে ফেলা হচ্ছে। শেষ পর্যন্ত আমেরিকার আবিষ্কারক কলম্বাসের ভাস্কর্যও ভেঙে ফেলা হয়েছে। খবর রয়টার্সের
সাক্ষ্যে যা বললেন ফ্লয়েডের ছোটো ভাই
কান্নাজড়িত কণ্ঠে মার্কিন প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটির শুনানিতে ফিলোনিজ ফ্লয়েড বলেন, এই আধুনিক যুগে দিনে দুপুরে প্রকাশ্যে আমার ভাইকে গণপিটুনিতে মারার মতো নির্যাতন করে হত্যা করা হলো। একটা মানুষকে মাত্র ২০ ডলারের জন্য মারা হলো। অথচ সেও মানুষ। আমরাও মানুষ। কৃষ্ণাঙ্গরাও মানুষ এবং তাদের জীবনও জীবন। তিনি আইনপ্রণেতাদের উদ্দেশ্যে বলেন, এটা এখন আপনাদের ওপর নির্ভর করছে জর্জের জীবন বৃথা যাবে কি না। বিভিন্ন সংস্কার নিয়ে আগামী ৪ জুলাই প্রতিনিধি পরিষদে ভোট হবে। তবে রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে সেটা ব্যর্থ করার চেষ্টা চলছে।
কলম্বাসের ভাস্কর্যও ভাঙা হলো
আমেরিকার আবিষ্কারক হিসেবে খ্যাতি পাওয়া ইতালীয় অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাসের ভাস্কর্যও যুক্তরাষ্ট্রে ভেঙে ফেলা হলো। বোস্টন ও মিয়ামিসহ বিভিন্ন শহরে কলম্বাসের ভাস্কর্য নামিয়ে ফেলা হয়। যুক্তরাষ্ট্রের স্থানীয় আদিবাসী আন্দোলনকারীরা কলম্বাসকে সম্মান জানানোর বিরুদ্ধে অনেক দিন ধরেই আপত্তি জানিয়ে আসছিলেন। বুধবার মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি মার্কিন কংগ্রেস ভবন থেকে যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধকালীন কনফেডারেট নেতা ও সেনাদের ১১টি ভাস্কর্য সরিয়ে নেওয়ার জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানান। মার্কিন সিনেট এবং সেনাবাহিনী বিভিন্ন মাকিন ঘাঁটি থেকে কনফেডারেট নেতাদের নাম মুছে ফেলার সিদ্ধান্ত নিলেও প্রেসিডেন্ট ট্রাম্প তা নাকচ করে দিয়েছেন।
