দুই মুক্তিযোদ্ধাসহ ৭ জনের করোনা উপসর্গ নিয়ে মৃত্যু

আপডেট : ১১ জুন ২০২০, ২২:৩৭

করোনা উপসর্গ নিয়ে দুই মুক্তিযোদ্ধাসহ আরো ৭ জনের মৃত্যু ঘটেছে। মৃতদের মধ্যে একজন সাংবাদিক এবং অগ্রণী ব্যাংকের এক সাবেক কর্মকর্তাও রয়েছেন।

মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা জানান, উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের বাসিন্দা মুক্তিযোদ্ধা আবুল হোসেন (৬৭) এবং খাদেরগাঁও ইউনিয়নের বাসিন্দা অগ্রণী ব্যাংকের সাবেক কর্মকর্তা অহিদুজ্জামান খন্দকার (৭০) বৃহস্পতিবার করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। গতকাল ভোরে ঢাকার সিএমএইচে মারা যান মুক্তিযোদ্ধা আবুল হোসেন। তাকে বিকালে স্বাস্থ্যবিধি মেনে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধার পলাশবাড়ীতে করোনা উপসর্গ (জ্বর-সর্দি-কাশি) উপসর্গ নিয়ে গতকাল সকালে মারা যান মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ (৭৩)। বিকালে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। 

চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার চান্দিনায় করোনা উপসর্গ নিয়ে গোলাম মোস্তফা (৪৮) নামে এক সাংবাদিক বৃহস্পতিবার দুপুরে থানা রোডের ভাড়া বাসায় মারা যান। সাংবাদিক গোলাম মোস্তফা চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের কাশারীখোলা গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি দৈনিক ভোরের ডাক পত্রিকার চান্দিনা প্রতিনিধি এবং চান্দিনা রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি ছিলেন। এর আগে বুধবার দিবাগত রাতে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে মারা যান চান্দিনার বাসিন্দা ব্যবসায়ী কিংকর সাহা।

হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা জানান, হাজীগঞ্জ উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের বাসিন্দা হাবিবুল্লাহ তালুকদার (৬৫) গত বুধবার করোনা উপসর্গ নিয়ে নিজ বাড়িতে মারা গেছেন। করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা জানান, চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুটির গ্রামে করোনা উপসর্গ নিয়ে এক জনের মৃত্যু হয়েছে। বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকাকালীন বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। করোনা পরীক্ষার জন্য মৃতের এবং তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে।