কুমিল্লায় যুবককে পিটিয়ে ও রগ কেটে হত্যা

আপডেট : ১১ জুন ২০২০, ২২:৩৮

কুমিল্লায় পারভেজ হোসেন নামের এক যুবককে পিটিয়ে ও রগ কেটে হত্যা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় জেলার আদর্শ সদর উপজেলার কালির বাজার ইউনিয়নের সৈয়দপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক সৈয়দপুর গ্রামের আবদুল মবিনের পুত্র। বৃহস্পতিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।

স্থানীয় ও নিহতের স্বজনরা জানান, বুধবার সন্ধ্যা ৬টার দিকে পারভেজ স্থানীয় সৈয়দপুর বাজারে অবস্থান করার সময় তিন-চারটি মোটরসাইকেল এবং একটি মাইক্রোবাসযোগে ১০/১৫ জনের একটি গ্রুপ সেখানে এসে অতর্কিত তার ওপর হামলা চালায়। এক পর্যায়ে মাইক্রোবাসে তুলে পার্শ্ববর্তী কমলাপুর বাজারের একটি স মিলে নিয়ে পারভেজকে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে এবং পায়ের রগ কেটে মারাত্মকভাবে জখম করার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে এলাকার একটি বাগানে ফেলে যায়। পুলিশ তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

­­কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ারুল হক জানান, হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে পুলিশ। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।